পূর্ণিমার জোয়ারে বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বেড়িবাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পূর্ণিমার জোয়ারে বঙ্গোপসাগরের পানি বেড়ে গিয়ে অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে পাঁচ শতাধিক বসতঘর, ১৫টি চিংড়িঘের ও কয়েক শ একর ফসলি জমির মরিচ, ঢ্যাঁড়স, পানবরজ ও লবণের মাঠ তলিয়ে গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেড়িবাঁধ মেরামতের কাজ শেষ হওয়ার আগেই পূর্ণিমার জোয়ারে আবারও বাঁধ ভেঙে পানি ঢুকছে। বর্ষা মৌসুমের আগে ভাঙা বাঁধ মেরামতের কাজ শেষ না হলে ভাঙনের কবল থেকে অন্যান্য বাঁধও রক্ষা করা যাবে না। সূত্রে জানা যায়, টেকনাফে সাবরাং ইউনিয়নের ৬৮ নম্বর ফোল্ডারের পশ্চিমপাড়া এলাকার ভেঙে যাওয়া বেড়িবাঁধে কর্মসংস্থান কর্মসূচির আওতায় দৈনিক পাঁচ শ শ্রমিক মাটি কেটে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। কিন্তু হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার সকালে পূর্ণিমার জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে আবারও তা ভেঙে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, পশ্চিমপাড়া, ডাঙ্গারপাড়া, পশ্চিম উত্তরপাড়া, ক্যাম্পপাড়া, বিলপাড়া, মাঝর ডেইল, হারিয়াখালী, কচুবনিয়া, লাফার ঘোনা ও সাবরাং বিওপি এলাকা প্লাবিত হয়ে চার শতাধিক বসতঘর, আটটি চিংড়িঘের ও কয়েক শ একর ফসলি জমির মরিচ, ঢ্যাঁড়স, পানবরজ ও লবণের মাঠ তলিয়ে গেছে। শাহপরীর দ্বীপের মাঝের ডেইলের বাসিন্দা মোহামঞ্চদ শাহ বলেন, ‘বর্তমানে বাড়ির এক কিলোমিটার পশ্চিমে বেড়িবাঁধের ভাঙা অংশ। সেখান থেকে জোয়ারের পানি এসে ঘরবাড়ি, খেতখামার প্লাবিত হয়েছে। শুষ্ক মৌসুমে পানিতে ডুবে যাচ্ছে, বর্ষাকালে এখানে কীভাবে বসবাস করব?’ সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান আক্ষেপ করে বলেন, সরকার বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দ না দেওয়াই স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ৪৬ লাখ টাকা ও কর্মসংস্থান কর্মসূচির পাঁচ শ কার্ডের আওতায় ৩৫ লাখ টাকা দিয়ে উপজেলা চেয়ারম্যানের তত্ত্বাবধানে বাঁধ মেরামতের কাজ শুরু করলে শেষ করার আগে পূর্ণিমার জোয়ারের ভেঙে আগের মতো জোয়ার-ভাটা শুরু হয়ে গেছে। এখন ১০ গ্রামের মানুষের ভাগ্যে কী হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া বলেন, ‘ভাঙা অংশ মেরামত করার জন্য তদারক করেছি, কিন্তু পূর্ণিমার জোয়ারে রক্ষা করা সম্ভব হয়নি। এতে করে ১০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।’ পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, এ ভাঙা অংশ বর্ষা মৌসুমের আগে জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।