পূর্ণিমার জোয়ারে বাঁধ ভেঙে ১৩ গ্রাম প্লাবিত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বেড়িবাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। পূর্ণিমার জোয়ারে নাফ নদীর পানি বেড়ে গিয়ে অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে পাঁচ শতাধিক বসতঘর, ১৫টি চিংড়িঘের ও কয়েক শ একর ফসলি জমির মরিচ, ঢ্যাঁড়স, পানবরজ ও লবণের মাঠ তলিয়ে গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেড়িবাঁধ মেরামতের কাজ শেষ হওয়ার আগেই পূর্ণিমার জোয়ারে নতুন নতুন এলাকা দিয়ে পানি ঢুকছে। বর্ষা মৌসুমের আগে ভাঙা বাঁধ মেরামতের কাজ শেষ না হলে ভাঙনের কবল থেকে অন্যান্য বাঁধও রক্ষা করা যাবে না।টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া বলেন, উপজেলায় পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়নের ১৩ গ্রাম পূর্ণিমার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় লোকজন জানান, পূর্ণিমার জোয়ারের প্রভাবে নাফ নদী ও বঙ্গোপসাগরের পানি ফুঁসে উঠছে। জোয়ারের ধাক্কায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে টেকনাফ পৌরসভা, সাবরাং, নীলা, হোয়াইক্যং ও সদর ইউনিয়নের আরও কয়েকটি অংশে ভাঙন দেখা দিয়েছে।গতকাল রোববার দুপুর ১২টায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া, সাইডপাড়া, খানকার ডেইল, টেকনাফ সদর ইউনিয়নের সুদারপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া ও সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া, মগপাড়া, পানছড়িপাড়া, মাঝরপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়াসহ ১৩টি গ্রাম প্লাবিত হয়। এলাকায় গিয়ে দেখা গেছে, টেকনাফে দেড় নম্বর স্লুইসগেট ও শাহপরীর দ্বীপের মাঝরপাড়া এলাকার দুটি ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে ওই সব এলাকার ১৩টি গ্রাম, পাঁচ শতাধিক বসতঘর, ১৫টি চিংড়িঘের, কয়েক শ একর ফসলি ও লবণের মাঠ প্লাবিত হয়েছে।