পূর্তি উৎসব নিয়ে প্রাক্তনদের দ্বন্দ্ব, পৌরসভায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চবিদ্যালয়ের ৯৭ বছর পূর্তি নিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দুই পক্ষের বিরোধে প্রশাসন পুরো পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে। আজ শনিবার ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের পুনর্মিলনী আহ্বায়ক কমিটি আজ শনিবার সকালে ৯৭ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান উদ্যাপনের জন্য দাওয়াত কার্ডও বিলি করা হয়। উৎসব উপলক্ষে বিদ্যালয়ের মাঠে একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। অপর দিকে তালোড়া নাগরিক কমিটির ব্যানারে প্রাক্তন শিক্ষার্থীদের আরেকটি অংশ ৯৭ বছর পূর্তির বিরোধিতা করে কয়েক দিন যাবৎ প্রতিবাদ সভা, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ পক্ষটি ১০০ বছর পূর্তি উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা করতে একই মাঠের বিপরীত দিকে আরেকটি মঞ্চ বানায়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা প্রশাসন সংঘর্ষ এড়াতে দুই পক্ষকেই বিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে নিষেধ করে। পরে গতকাল সন্ধ্যায় পুরো পৌরসভায় সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
ইউএনও সাইফুর রহমান খান বলেন, গতকাল বিকেলেও বিদ্যালয়ের মাঠে দুই পক্ষ মিছিল করায় শেষ পর্যন্ত পুরো পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়।
থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এ বিরোধের সূত্রপাত।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি ১৯১৮ সালে কলিকাতা বোর্ডের অধীনে স্বীকৃতি পায়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ৯৭ বছর পূর্তি উপলক্ষে এক মাস আগে পুনর্মিলনী উদ্যাপন কমিটি গঠন করে বলে কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ টি এম আমিনুল হক জানান।
নাগরিক কমিটির আহ্বায়ক শফিউল করিম তালুকদার বলেন, ‘ঐতিহ্যবাহী যেকোনো প্রতিষ্ঠান ২৫, ৫০, ৭৫ বা ১০০ বছর পূর্তি উদ্যাপন করে। আমরা ১০০ বছর পূর্তির জন্য বলেছি।’