পূর্ব কাজীপাড়ার রাস্তা বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব রাস্তা ভাঙা। রাস্তাগুলোর বিভিন্ন জায়গায় চলছে পানির লাইন মেরামতের কাজ। এসব পথে চলতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এ দৃশ্য রাজধানীর পূর্ব কাজীপাড়া এলাকার।
সরেজমিনে গত সোমবার দেখা যায়, পূর্ব কাজীপাড়া এলাকার মাদ্রাসা রোড রাস্তাটি কিছুদূর পরপর ভেঙে আছে। এর সঙ্গে যুক্ত আশপাশের রাস্তাগুলোর একই অবস্থা। কয়েক জায়গায় চলছে ভূগর্ভস্থ পানির লাইন মেরামতের কাজ। যেসব জায়গায় মেরামতের কাজ হচ্ছে, সেসব জায়গায় সৃষ্টি হচ্ছে যানজট। বিকল্প পথ না থাকায় বাসিন্দারা বাধ্য হয়েই এ রাস্তাগুলো ব্যবহার করছেন। ভাঙা রাস্তায় চলতে গিয়ে প্রায় সময় রিকশা থেকে পড়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বাসিন্দাদের।
এলাকাবাসীর অভিযোগ, কিছুদিন পরপর সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ভূগর্ভস্থ লাইনের মেরামতের জন্য গর্ত খোঁড়াখুঁড়ি করে। কিন্তু পরে রাস্তাগুলো আর মেরামত করে না। এতে করে একটু বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যায়।
পূর্ব কাজীপাড়া এলাকাটি রাজধানীর ১৪ নম্বর ওয়ার্ডের অধীনে। ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন রশিদ বলেন, ‘বিভিন্ন সময় খোঁড়াখুঁড়ির কারণে এলাকাটির সবগুলো রাস্তা নষ্ট হয়ে গেছে। বছরে যে পরিমাণ বরাদ্দ আমাদের কাছে আসে, তা দিয়ে সব রাস্তা মেরামত করা সম্ভব নয়।’