
পূর্ব জুরাইনের প্রতিটি মহল্লায় ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিতে মাত্রাতিরিক্ত ময়লা ও দুর্গন্ধ। স্থানীয় অনেকের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়াসার পানি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। বিশুদ্ধ পানির জন্য এলাকায় অবৈধভাবে গভীর নলকূপ বসানোর হিড়িক পড়েছে।
এসব নলকূপ থেকে বাণিজ্যিকভাবে পানি বিক্রি করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ওয়াসার পানি দিয়ে গোসল করলে শরীরে দুর্গন্ধ লেগে থাকে। গন্ধের কারণে ফুটিয়েও এ পানি পান করা যায় না। তাঁরা ওয়াসার লাইনে বিশুদ্ধ পানি সরবরাহ করে অবৈধ নলকূপগুলো বন্ধের দাবি জানিয়েছেন। এ এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত |
এ বিষয়ে জানতে গতকাল রোববার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তাঁকে পাওয়া যায়নি৷ তবে ওয়াসা বোর্ডের সদস্য ও ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, পূর্ব জুরাইনসহ ডিএসসিসির বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে দুর্গন্ধ রয়েছে৷ কিন্তু বারবার বোর্ড সভায় বিষয়টি উপস্থাপন করা হলেও গুরুত্ব দিচ্ছে না ওয়াসা কর্তৃপক্ষ৷ এই জনদুর্ভোগ লাগবে ডিএসসিসির সঙ্গে তারা কোনো সমন্বয়ও করছে না৷
গত শনিবার পূর্ব জুরাইনসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে গিয়ে ওয়াসার পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত দেখা গেছে। নিরুপায় এলাকাবাসীর অনেকে এই পানি দিয়েই রান্না, গোসল, ধোয়ামোছার কাজ করছেন। অনেক পরিবার পানি ছেঁকে ব্যবহার করছে। কিন্তু সে পানিতেও দুর্গন্ধ থেকে যাচ্ছে। ফুটানোর পরও গন্ধ যাচ্ছে না। অন্যদিকে আল হেরা জামে মসজিদ, ঢাকা মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসা, কুসুমবাগ জামে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বসানো হয়েছে গভীর নলকূপ। এই তিনটি জায়গা থেকে পানি বিক্রি করতে দেখা গেছে। ৫ লিটার পানির দাম ২ টাকা, ১০ লিটার ৩ টাকা ও ২০ লিটার ৫ টাকা। বাধ্য হয়ে অধিকাংশ পরিবারই এখান থেকে পানি কিনছে।
>ওয়াসার গাফিলতির কারণে এই এলাকার অনেক বাসাবাড়িতেও গোপনে অবৈধভাবে গভীর নলকূপ বসানো হচ্ছে। কেউ কাউকে বাধা দিচ্ছে না। এভাবে চলতে থাকলে একপর্যায়ে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাবে
৫ লিটার পানির দাম ২ টাকা, ১০ লিটার ৩ টাকা ও ২০ লিটার ৫ টাকা। বাধ্য হয়ে অধিকাংশ পরিবারই এখান থেকে পানি কিনছে
ঢাকা মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসা থেকে প্রতিটি ২০ লিটারের ১০ জার নিয়ে পানি কিনেছেন ফেরদৌস রহমান। তিনি জানান, এখানে প্রতি জার পানির দাম ৫ টাকা। পরে বিভিন্ন বাসাবাড়িতে প্রতি জার ২৫ টাকা করে বিক্রি করেন তিনি। দিনে প্রায় ৫০ জার পানি বিক্রি করেন তিনি। এখন এটাই তাঁর জীবিকা।
৯৭ পূর্ব জুরাইনের বাসিন্দা আমেনা বেগম বলেন, ওয়াসার লাইনের পানিতে দুর্গন্ধ ও ময়লা থাকায় বাসায় রান্নাবান্না করা যায় না। তাই গভীর নলকূপ থেকে রান্না এবং খাওয়ার পানি কিনতে হয়। এতে খরচও হচ্ছে অনেক।
পানি বিক্রি ও অবৈধভাবে নলকূপ বসানোর অভিযোগ স্বীকার করেছেন কুসুমবাগ জামে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার সভাপতি এস এম মনিরুজ্জামান। তিনি বলেন, ‘ওয়াসার ময়লা পানি ব্যবহার করায় গত ঈদুল আজহার পর থেকে এই এলাকায় মানুষের গণহারে ডায়রিয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে মসজিদে নলকূপ বসানো হয়েছে। নামমাত্র মূল্য নিয়ে মহল্লার মানুষের মাঝে পানি বিক্রি করা হয়। আয়ের টাকা বিদ্যুৎ বিল দেওয়া ও মাদ্রাসার কাজে খরচ করা হয়।’
পূর্ব জুরাইনের মিষ্টির দোকান এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ওয়াসার গাফিলতির কারণে এই এলাকার অনেক বাসাবাড়িতেও গোপনে অবৈধভাবে গভীর নলকূপ বসানো হচ্ছে। কেউ কাউকে বাধা দিচ্ছে না। এভাবে চলতে থাকলে একপর্যায়ে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাবে। পরে দীর্ঘমেয়াদি সমস্যা হতে পারে।
ডিএসসিসি সূত্র জানায়, পূর্ব জুরাইনের ওয়াসার পানির পাইপগুলো প্রায় ৩৫ বছরের পুরোনো। বর্তমানে পাইপগুলো মাটির প্রায় ১২ ফুট গভীরে রয়েছে। অনেক জায়গায় পাইপ ভেঙে লাইনে ময়লা, কাদা, পয়োবর্জ্য ও দুর্গন্ধ যুক্ত হচ্ছে। এই সুযোগে বিভিন্ন আবাসিক বাড়িতেও অবৈধভাবে নলকূপ বসিয়ে খাওয়ার পানি বিক্রি করা হয়।
ডিএসসিসির ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নূর হোসেন প্রথম আলোকে বলেন, এই এলাকার পানির সমস্যা সমাধানে বহুবার ওয়াসাতে আবেদন করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বর্তমানে বিশুদ্ধ ও নিরাপদ পানির জন্য পুরো ওয়ার্ডে হাহাকার তৈরি হয়েছে।