পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের চিত্র নিয়ে বই প্রকাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিভক্ত পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিভিন্ন ইস্যুভিত্তিক বিতর্ক বিশ্লেষণের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের প্রতি আরোপিত বৈষম্যের চিত্র উপস্থাপিত হয়েছে পাকিস্তানের আঞ্চলিক বৈষম্য (১৯৪৭-১৯৬৯): পার্লামেন্টের ভাষ্য বইটিতে।
গতকাল রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে হাবিবউল্লাহ বাহার রচিত ও বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অখণ্ড পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদে আলোচিত বিতর্কগুলোর মধ্য দিয়ে লেখক বইটিতে পূর্ব পাকিস্তানের ওপর বহুবিধ বৈষম্যের যে চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন, তাতে তিনি সফল হয়েছেন। মোট ছয়টি অধ্যায়ে বিভক্ত বইটির ভূমিকা অংশটি এ বৈষম্যের চিত্র প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেনের দাবি, সংসদে উপস্থাপিত বিষয়ভিত্তিক বিতর্ককে কেন্দ্র করে বাংলা ভাষায় এর আগে কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি।
অনুষ্ঠানের সভাপতি ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের মতে, পাকিস্তানিদের সঙ্গে যে বাংলাদেশিরা থাকবে না, সেটার শর্ত পাকিস্তানিরাই তৈরি করে দিয়েছিল। সংসদীয় বিতর্কের মধ্য দিয়ে এ ঐতিহাসিক ঘটনা কীভাবে সংঘটিত হয়েছিল, তারই প্রকৃষ্ট উদাহরণ বইটি।
শুভেচ্ছা বক্তব্যে বইটির লেখক হাবিবউল্লাহ বাহার বলেন, মূলত এটি ছিল তাঁর পিএইচডি গবেষণার বিষয়। পরে বাংলা একাডেমি গবেষণা অভিসন্দর্ভটি বই আকারে প্রকাশ করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য কে এম মোহসিন।