পূর্ব পাকিস্তানের রসিদ দিয়ে অর্থ আদায়
স্বাধীনতার ৩৯ বছর পরও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ক্ষুদ্র সেচ বিভাগের বগুড়ার শেরপুর ইউনিট থেকে পাকিস্তান আমলের রসিদ দিয়ে অর্থ আদায় করা হচ্ছে।জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের কৃষক মাহিনুর ইসলাম বথুয়াবাড়ী মৌজায় গভীর নলকূপ স্থাপনের জন্য ইসলামী ব্যাংক বগুড়ার শেরপুর শাখার মাধ্যমে গত ৩০ মার্চ ১৩ হাজার ৫০০ এবং ৪ এপ্রিল ১৫ হাজার টাকার পৃথক দুটি ব্যাংক ড্রাফট বিএডিসির শেরপুর ইউনিটে জমা দেন। ইউনিটের সহকারী মেকানিক এ কে এম লুত্ফর রহমান পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন করপোরেশন নামে ১৩২৫ নম্বর বইয়ের ১৩২৪৫৬ নম্বর রসিদে স্বাক্ষর করে ১৩ হাজার ৫০০ টাকার এবং উপ সহকারী প্রকৌশলী আবদুল মজিদ ১৩২৫ নম্বর বইয়ের ১৩২৪৫৭ নম্বর রসিদে স্বাক্ষর করে ১৫ হাজার টাকার ব্যংক ড্রাফট জমা নেন।বিএডিসির শেরপুর ইউনিটের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আবদুল মজিদ জানান, ‘স্বাধীনতার পর রসিদ সরবরাহ না থাকায় ওই রসিদেই টাকা আদায় করছি। বিষয়টি কর্তৃপক্ষ জানে।’ শেরপুর ইউনিটের সহকারী মেকানিক লুত্ফর রহমান জানান, ‘এটা তেমন কোনো ভুল না। আমরা কলম দিয়ে পূর্ব পাকিস্তান কেটে বাংলাদেশ লিখে সেই রসিদ দিয়ে টাকা নিচ্ছি।’ বিএডিসির শেরপুর ইউনিটের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ‘পূর্ব পাকিস্তান লেখা ওই রশিদগুলো ১৯৬১ সালে সরবরাহ করা হয়েছে। এরপর থেকে ওই রসিদ দিয়েই টাকা আদায় করছি। তবে নতুন রসিদ ছাপা হয়েছে। কিন্তু তা এখনো সরবরাহ করা হয়নি।’