পূর্ব বিরোধের জের ধরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
পূর্ব বিরোধের জের ধরে বাজিতপুর শহরের ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ফয়সাল মিয়াকে (১৫) পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ফয়সাল ভাগলপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে। ফয়সালের চাচা শ্যামল মিয়া জানান, গত রোববার (২৪ জুন) বিকেলে ফয়সাল বাজিতপুর থেকে নিজ বাড়ি ভাগলপুর যাওয়ার পথে মধ্য ভাগলপুরে এমাদ মিয়ার বাড়ির কাছে একই এলাকার সাব্বির মিয়া, আসিফ, মনির ও ওয়াজিবসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন ফয়সালের পথ রোধ করে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে একটি গর্তে ফেলে রাখে। এলাকাবাসী অচেতন অবস্থায় ফয়সালকে গর্ত থেকে তুলে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফয়সাল মারা যায়। ভাগলপুরের গোলাম রব্বানী মেরাজ ও রতন মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, খেলাধুলাকে কেন্দ্র করে ফয়সালের সঙ্গে সাব্বিরদের ঝগড়াবিবাদ হয়েছিল।