পূর্ব বিল খুকশিয়ার কৃষকেরা সহজ শর্তে ক্ষতিপূরণ পাবেন
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনকল্পে কেশবপুর উপজেলার পূর্ব বিল খুকশিয়ার চলা জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট—টিআরএম) প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকেরা সহজ শর্তে সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে ক্ষতিপূরণের টাকা পাবেন। এ বছরই মনিরামপুর উপজেলার বিল কপালিয়ায় প্রস্তাবিত জোয়ারাধার চালু করা হবে। আর বিল কপালিয়ায় জোয়ারাধার চালু না হওয়া পর্যন্ত পূর্ব বিল খুকশিয়ায় জোয়ারাধার চালু রাখা হবে। জেলা প্রশাসক সরেজমিন পরিদর্শন করে এলাকার মানুষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত যেসব জমির মালিকের নামে হাল রেকর্ড আছে, তাঁরা তা দেখালে অতি অল্প সময়ের মধ্যে ক্ষতিপূরণের টাকা পাবেন। বৈঠকে উপস্থিত কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের কৃষক আবুল বাশার বলেন, প্রায় ছয় বছর ধরে খুকশিয়ার বিলে কোনো ফসল নেই। অভাব-অনটনে নানাভাবে তাঁদের সামাজিক মর্যাদা নষ্ট হচ্ছে। তাঁরা আর টিআরএম চান না। মনিরামপুর উপজেলার বালিদহ গ্রামের কৃষক হাফিজুর রহমান বৈঠকে বলেন, কপালিয়ার বিলের জমি সোনার মতো। বিলে ধানও হচ্ছে আবার মাছও হচ্ছে। ক্ষতিপূরণ দিলেও তাঁরা টিআরএম করতে দেবেন না।অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বলেন, জোয়ারাধার চালুর আগে বিল কপালিয়ার কৃষকদের ক্ষতিপূরণের টাকা ধানের বাজার দর অনুসারে প্রদান ও পলি ঠেকাতে পূর্ব বিল খুকশিয়ার দ্বিতীয় কাটিং পয়েন্টের পাশে হরি নদীতে আড়াআড়ি বাঁধ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। জেলা প্রশাসক সরেজমিনে দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে বৈঠকে জানিয়েছেন।