মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম নগরের পূর্ব ষোলশহর ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশের আয়োজন করে সিটি করপোরেশন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ হাসান লিটনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন করপোরেশনের মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মনজুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম।
মেয়র বলেন, পূর্ব ষোলশহর ওয়ার্ড আগে অনেক অবহেলিত ছিল। বিগত চার বছরের উন্নয়নের ফলে অবস্থার অনেক উত্তরণ ঘটেছে। তিনি আরও বলেন, নগরের বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন করা হলে এই এলাকার জলাবদ্ধতা অনেকটা দূর হবে।
এদিকে গতকাল সন্ধ্যায় নগরের পূর্ব বাকলিয়ায়ও সুধী সমাবেশ হয়। পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবু তৈয়ব।