পূর্ব সুন্দরবনে বন বিভাগ ও পুলিশের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ
বাগেরহাটের শরণখোলা রেঞ্জে পূর্ব সুন্দরবনের চানমারীর গহিন বনে গতকাল শনিবার বন বিভাগ ও পুলিশের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এতে হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি বন বিভাগ বা পুলিশ। পূর্ব সুন্দরবনের বগি স্টেশনের ডেপুটি রেঞ্জার খান হাফিজুর রহমান জানান, গত শুক্রবার গভীর রাতে শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদে নৌকায় করে মাছ ধরার সময় মো. হানিফকে (৩৫) অপহরণ করে বনদস্যুরা। বিষয়টি জানতে পেরে গতকাল সকালে শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বিপুল কৃষ্ণ সাহার নেতৃত্বে বন বিভাগ ও তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির ৩০ সদস্যের একটি দল বনের চানমারী এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যুদের সঙ্গে তাদের প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে ৮-১০ জনের দস্যুদলটি গহিন বনে পালিয়ে যায়। এ সময় অন্তত ৫০টি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। দস্যুদল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুটি ডিঙিনৌকা ও ডাকাতদের ব্যবহূত কিছু মাল উদ্ধার করা হয়। তবে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।