পূর্ব সুন্দরবনে বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতুলী এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতুলী এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব সুন্দরবনে অনির্দিষ্টকালের জন্য জেলে, মৌয়াল, বাওয়ালিসহ সব ধরনের বনজীবীর প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, একের পর এক নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ধরনের প্রবেশ নিষেধাজ্ঞার পাশাপাশি যেসব বনজীবী আগে থেকেই অনুমতি (পাস-পারমিট) নিয়ে বনের ভেতর অবস্থান করছিলেন, তাঁদেরও বন থেকে বের করে দেওয়া শুরু করেছে বন বিভাগ। শুক্রবার সকাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতুলী এলাকার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সাইদুল ইসলাম। গত বুধবার বিকেলে ওই এলাকায় আগুন লাগে। তিনি বলেন, কোনো কোনো স্থানে এখনো সামান্য ধোঁয়া বা আগুন দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা তৎপর রয়েছেন। যেখানেই ধোঁয়া বা আগুন দেখা যাচ্ছে, সেখানেই সঙ্গে সঙ্গে পানি দেওয়া হচ্ছে। খুব শিগগির আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাইদুল আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে রোববার বন আইনে আদালতে মামলা করা হবে। এ ছাড়া জিপিআরএস পদ্ধতি ব্যবহার করে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে। পরিমাপের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এদিকে সুন্দরবন বিনাশী ‘সরকারি অপতৎপরতাই’ দুর্বৃত্তদের বন লুট ও অগ্নিসংযোগে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সংগঠনটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ গতকাল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘নানা রকম বাহিনী মোতায়েন, কমিটি গঠন আর বিভিন্ন প্রতিশ্রুতি সত্ত্বেও এই এপ্রিল মাসেই চারবার আগুন লেগে সুন্দরবন আক্রান্ত হলো। এর ক্ষতি অপরিমেয়।’

সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার নির্লিপ্ত বা দায়সারা ভূমিকা রাখছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, ‘এসব অগ্নিকাণ্ড পরিকল্পিত অন্তর্ঘাত।’