পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী
দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী (৬৪) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনি।

তসলিম উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব রেখে যান।

বুধবার বাদ এশা নাছিরাবাদ বালক উচ্চবিদ্যালয় মাঠে পূর্বকোণ সম্পাদকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাউজান পৌরসভার জলিলনগর ঢেউয়া হাজিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

১৯৮৬ সালে চট্টগ্রাম থেকে আঞ্চলিক ‘দৈনিক পূর্বকোণ’ প্রকাশিত হয়। তসলিম উদ্দিন চৌধুরীর বাবা প্রয়াত মোহাম্মদ ইউছুফ চৌধুরী এই পত্রিকার প্রতিষ্ঠাতা। তসলিম উদ্দিন চৌধুরী ১৯৮৯ সালের ১ ফেব্রুয়ারি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।

তসলিম উদ্দিন চৌধুরী সেন্ট মেরিস ও সেন্ট প্লাসিডস স্কুলে পড়েন। এরপর তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পত্রিকার বাইরে তিনি বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নগর উন্নয়ন কমিটি সদস্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সাবেক সহসভাপতি, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন।

তসলিম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রেসক্লাব, সিইউজে, সাংবাদিক হাউজিং সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ শোক জানিয়েছেন।