পূর্বঘোষিত স্থানে সমাবেশ করতে পারেনি ত্বকী মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় প্রধান শহীদ মিনারে গতকাল বুধবার পূর্বঘোষিত সমাবেশ করতে পারেনি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। শামীম ওসমানের সমর্থক জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা সংগঠনের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী (৪ জানুয়ারি) উপলক্ষে কোনো অনুমতি ছাড়াই গতকাল সকাল থেকে শহীদ মিনার দখল করে সমাবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে ৪ জানুয়ারি একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে ছাত্রলীগ। সংঘাত এড়াতে ত্বকী মঞ্চ তাদের কর্মসূচি শীতলক্ষ্যা নদীর তীরে ৫ নম্বর ঘাট এলাকায় পালন করে।
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০ মাস উপলক্ষে খুনিদের গ্রেপ্তারের দাবি আদায়ে ওই সমাবেশের আয়োজন করা হয়। এ জন্য শহীদ মিনার তত্ত্বাবধানকারী সিটি করপোরেশনের কাছ থেকে অনুমতিও নেয় মঞ্চ।
সমাবেশে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি শামীম ওসমানের উদ্দেশে বলেন, ‘এমপি হিসেবে শপথ নেওয়ার আগেই নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় হামলা শুরু হয়েছে। টানবাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা চাওয়া শুরু হয়েছে। কিন্তু এবার তাদের (ওসমান পরিবার) আর মানুষের ঘাড়ে চাপার সুযোগ দেওয়া হবে না।’
শহীদ মিনার দখল প্রসঙ্গে রাব্বি বলেন, ‘নিজেদের লোক দিয়ে শহীদ মিনার দখল করিয়েছেন। কারণ, আমরা শহীদ মিনারে দাঁড়িয়ে আপনাদের অপকর্মের কথা দেশ-বিদেশে ছড়িয়েছি।’
ত্বকী হত্যা মামলায় সুলতান শওকত ওরফে ভ্রমরের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথা উল্লেখ করে রফিউর রাব্বি অবিলম্বে নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান ও তাঁর সহযোগী রাজীব, অপু, কাজলকে গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ত্বকী মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের সমন্বয়ক নিখিল দাস, ন্যাপের আওলাদ হোসেন, নাগরিক কমিটির এ বি সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের দেলোয়ার হোসেন, গণসংহতির তরিকুল সুজন ও মহিলা পরিষদের লক্ষ্মী চক্রবর্তী।
সমাবেশে মশাল মিছিল নিয়ে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়।