পূর্বধলার ছয়জনের অভিযোগ গঠনের শুনানি ৩০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার আবদুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার শুনানির এই দিন ধার্য করেন। পলাতক পাঁচজন হাজির না হওয়ায় তাঁদের অনুপস্থিতিতে বিচারকাজ শুরুর সিদ্ধান্ত দিয়ে তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী দেওয়া হয়েছে।
পলাতক পাঁচ আসামি হলেন আবদুল খালেক তালুকদার, শেখ মো. আবদুল মজিদ ওরফে মজিদ মাওলানা, কবির খান, আবদুস সালাম বেগ ও নূরউদ্দিন ওরফে রদ্দিন।
ছয়জনের মধ্যে আবদুর রহমানকে গত বছরের ১২ আগস্ট গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি সাবিনা ইয়াসমিন খান। আবদুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে তামিমকে নিয়োগ দেওয়া হয়।
পরে সাবিনা ইয়াসমিন খান প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগ ট্রাইব্যুনাল ইতিপূর্বে আমলে নেন। পরে পলাতক পাঁচ আসামির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপা হলেও আসামিরা হাজির হননি। তাঁদের পলাতক দেখিয়ে বিচার শুরুর সিদ্ধান্ত দিয়ে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের ওপর ৩০ নভেম্বর শুনানির দিন রেখেছেন।
গত বছরের ১১ ফেব্রুয়ারি পূর্বধলার এই ছয়জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর গত ২২ মে তাঁদের বিরুদ্ধে সাতটি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে রাষ্ট্রপক্ষ।