নেত্রকোনার পূর্বধলা উপজেলার ছয়জনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে এসব তথ্য-প্রমাণ যুক্ত করা হয়েছে।
গতকাল বুধবার তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পূর্বধলার যে ছয়জনের বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে তাঁরা হলেন শেখ মো. আবদুল মজিদ (৬৬), আবদুল খালেক তালুকদার (৬৭), কবির খান (৭০), আবদুর রহমান (৭০), আবদুস সালাম বেগ (৬৮) ও নুরুউদ্দিন (৭০)। আহাম্মদ আলী (৭৮) নামের অপর একজনের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেলেও গ্রেপ্তারের পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, পূর্বধলার ছয়জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।
হান্নান খান বলেন, গত বছরের ১১ ফেব্রুয়ারি থেকে এই সাতজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির সাক্ষী হিসেবে ৪০ জনের জবানবন্দি নিয়েছেন। সাতজন আসামির মধ্যে গত বছরের ১২ আগস্ট গ্রেপ্তার হন আবদুর রহমান। তিনি কারাগারে আছেন। একজন মারা গেছেন। বাকি পাঁচজন পলাতক।
তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক এম সানাউল হক বলেন, আবদুল মজিদ একাত্তরে নেজামে ইসলামীর রাজনীতিতে যুক্ত ছিলেন, পরে রাজাকার বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতে জড়িত। খালেক তালুকদার একাত্তরে মুসলিম লীগের কর্মী ছিলেন। তিনিও রাজাকার বাহিনীতে যোগ দেন। পরে তিনি বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের রাজনীতিতে জড়িত ছিলেন। বর্তমানে তিনি পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সদস্য। একাত্তরে মুসলিম লীগের কর্মী কবির খান বর্তমানে উপজেলা বিএনপির সদস্য।