পূর্বধলায় অপহরণের পর শিক্ষিকাকে উদ্ধার, গ্রেপ্তার ১
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল শনিবার এক স্কুলশিক্ষিকাকে অপহরণের পর শিক্ষার্থীরা উপজেলা চেয়ারম্যানের বাসভবন, দুটি বাস ও বাজারের অন্তত ১৫টি দোকানের ঝাঁপ ভাঙচুর করেছে। অপহরণের চার ঘণ্টা পর পূর্বধলা থানার পুলিশ ওই শিক্ষিকাকে উদ্ধার এবং অভিযুক্ত শাহজাহান কবিরকে (৩৬) গ্রেপ্তার করেছে।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, স্কুলশিক্ষিকা অপহরণের অভিযোগে শাহজাহানসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। শাহজাহানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।অপহরণের শিকার ওই শিক্ষিকার মা জানান, প্রতিদিনের মতো গতকাল সকাল নয়টার দিকে রিকশায় করে বিদ্যালয়ে যাচ্ছিলেন শিক্ষিকা (২৯)। পূর্বধলা-হোগলা সড়কের কালডোয়ার স্থানে পৌঁছালে শাহজাহান চার-পাঁচজন সহযোগী নিয়ে শিক্ষিকাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।স্থানীয় ব্যক্তিরা জানান, শিক্ষিকাকে অপহরণের খবর বিদ্যালয় ও এলাকায় পৌঁছালে এলাকাবাসী ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বিক্ষোভ মিছিল করে শাহজাহানের বড় ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেনের সরকারি বাসভবন, কয়েকটি বাস ও বাজারের দোকানপাটে ভাঙচুর চালায়।পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে পুলিশ উপজেলার বেড়াইল গ্রাম থেকে ওই শিক্ষিকাকে উদ্ধার এবং শাহজাহানকে গ্রেপ্তার করে। শাহজাহানের বড় ভাই উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন বলেন, ‘ওই স্কুলশিক্ষিকা শাহজাহানের সঙ্গে স্বেচ্ছায় গেছেন, নাকি জোর করে নেওয়া হয়েছে তা বলতে পারব না।’