পূর্বধলায় আ.লীগ ও বিএনপি সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পাঁচজনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাহিদুল ইসলামের বিজয়ের খবর পেয়ে উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের এড়োয়ারচর গ্রামের আওয়ামী লীগ-সমর্থকেরা স্থানীয় স্লুইচগেট বাজারে বিজয় মিছিল বের করেন। এ সময় পাশের কুড়িকুনিয়া গ্রামের বিএনপি-সমর্থকেরা তাদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার সূত্র ধরে গত শনিবার বিকেলে কুড়িকুনিয়া গ্রামের আরজু মিয়ার ছেলে মহসীন এড়োয়ারচর গ্রামের রইচ মৌলার কলেজপড়ুয়া ছেলে যোবায়েরকে নেত্রকোনা সরকারি কলেজ মাঠে মারধর করে। এর জের ধরে গত সোমবার সন্ধ্যায় স্লুইচগেট বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনো কোনো মামলা হয়নি।