পূর্বধলায় উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত
নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেনকে গতকাল মঙ্গলবার সকালে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন যুবলীগের এক নেতা। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের ও ওই নেতার লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। উপজেলা চেয়ারম্যান জানান, গতকাল সকালে তিনি উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া বাজারে যান। এ সময় উপজেলা সদরের রাজপাড়া গ্রামের মৃত হেকমত আলীর ছেলে ও যুবলীগের নেতা মাহাবুবু আলমের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মাহাবুব তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে চলে যান। উপজেলা চেয়ারম্যানের লোকজন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র নিয়ে রাজপাড়া এলাকায় গেলে মাহাবুবের লোকজন তাঁদের ধাওয়া করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মাহাবুবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, দু-তিন দিন আগে মাহাবুবের বাবা মারা যান। এতে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। চেয়ারম্যানের সঙ্গে তাঁর তর্কের একপর্যায়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।