পূর্বধলায় এইচএসসি পরীক্ষার্থীদের রেলপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র শ্যামগঞ্জ থেকে উপজেলা সদরে স্থানান্তরের দাবিতে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা গত বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা রেলস্টেশনে ময়মনসিংহ-জারিয়া রেলপথ এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরীক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার সহস্রাধিক মানুষ রেললাইনে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে বাধার সৃষ্টি করে। এতে ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭৪ টাউন ট্রেনটি দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পূর্বধলা স্টেশনে আটকা পড়ে। পরে পূর্বধলা উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন পরীক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাবি পূরণের সর্বাত্মক চেষ্টার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে শিগগির দাবি পূরণ না হলে সড়ক ও রেলপথ অচল করে দেওয়ার ঘোষণা দেয় পরীক্ষার্থীরা। উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে তাদের পরীক্ষা দিতে হয়। পরীক্ষার্থী ইভা, নার্গিস, নিলুফা, পাবেল, অর্ণব, আল আমিনসহ অনেকেই জানায়, উপজেলা সদর থেকে তাদের বাড়ি ১০ থেকে ১৬ কিলোমিটার দূরে। ফলে বাড়ি থেকে প্রায় ২৬ থেকে ৩২ কিলোমিটার দূরের পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এর আগে গত রবিবার ও সোমবার পরীক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও সড়কপথ অবরোধ করে। একই দাবিতে কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ খানও তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।