পূর্বধলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে চালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবেশী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত কাকন মিয়া (২২) নামের এক ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে তাঁর ওপর হামলা হয় এবং গতকাল শুক্রবার তিনি মারা যান।

এদিকে ছেলে কাকনের ওপর হামলার খবর শোনার সঙ্গে সঙ্গে বাবা আবুল কাশেম (৬৫) মারা যান। গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে তিনি মারা যান। তাঁদের বাড়ি পূর্বধলার গায়লাপাড়া গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে কাকন পূর্বধলার শ্যামগঞ্জ মোড় থেকে দুই যাত্রী নিয়ে জারিয়ার উদ্দেশে রওনা দেন। রাত একটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ছোছাউড়া এলাকায় এলে যাত্রীরা মোটরসাইকেলটি ছিনিয়ে নিতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কাকন মিয়াকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল সকাল ছয়টার দিকে মারা যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ছিনতাই অথবা পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।