পূর্বধলায় ট্রেনে সন্ত্রাসী হামলায় দুজন আনসার সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-জারিয়া রেলপথে চলাচলকারী লোকাল ট্রেনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের ওপর গত মঙ্গলবার রাতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দুজন আনসার সদস্য গুরুতর আহত হন। তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্য মো. মাসুদ রানা ও মো. মাহমুদুল হাসান গতকাল বৃহস্পতিবার বলেন, মঙ্গলবার ময়মনসিংহ রেলস্টেশন থেকে নেত্রকোনার জারিয়ার উদ্দেশে ছেড়ে আসা লোকাল ট্রেনটি রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা জেলার পূর্বধলা রেলস্টেশনে পৌঁছায়। এ সময় স্থানীয় সন্ত্রাসী হায়দার ও রুবেলসহ আরও কয়েকজন অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁদের ছুরিকাঘাত করে রাইফেল দুটি লুট করার চেষ্টা চালায়। ঘটনা টের পেয়ে ট্রেনে কর্তব্যরত দুজন পুলিশ সদস্য এসে তাঁদের উদ্ধার করেন। আনসার সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে ট্রেনের ড্রাইভার ও পরিচালকসহ কর্মচারীরা প্রায় তিন ঘণ্টা ট্রেন চালনা বন্ধ রাখেন। পরে রেল কর্তৃপক্ষের বিচারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আবার ট্রেন চলা শুরু হয়।আনসার সদস্য মাসুদ রানা বলেন, ‘সন্ত্রাসীরা অস্ত্র লুট করে নিতে আমাদের ওপর হামলা করে। বাধার মুখে তা নিয়ে যেতে না পারলেও আমাদের মোবাইল ফোন ও বেতনের টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে।’ময়মনসিংহ রেলস্টেশন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম জানান, পূর্বধলার কয়েকজন যুবক ট্রেনে ওঠার সময় দরজায় দাঁড়িয়ে থাকলে আনসার সদস্যরা তাদের সরে যেতে বলেন। এ নিয়ে তর্ক বাঁধলে যুবকেরা ফোনে বন্ধুদের পূর্বধলা রেলস্টেশনে জড়ো হতে বলে। পরে ট্রেন পৌঁছামাত্র আনসার সদস্যদের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।