নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট প্রদান এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নয়জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত উপজেলার আগিয়া ইউপি নির্বাচনের ভোট গণনার পর তাৎক্ষণিকভাবে এই রায় দেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউপি নির্বাচন সমন্বয়কারী মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আগিয়া ইউনিয়নের হাটকান্দা গ্রামের রইছ উদ্দিন, লাক মিয়া, সাইফুল, শাহজাহান, রফিকুল, ফজলু ও কালডোয়ার গ্রামের আকিকুল ইসলাম। বাট্টা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর এবং ব্যালট পেপার ছিনতাইয়ের দায়ে তাঁদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জাল ভোট প্রদানের দায়ে বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আবুল হোসেনকে ১৫ দিন এবং খলিশাউড় ইউনিয়নের পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আবুল বাসারকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।