পূর্বধলায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের দুই কর্মকর্তার ওপর গ্রামবাসীর হামলার ঘটনায় গতকাল শনিবার ভোররাতে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ওই দুই পুলিশ কর্মকর্তা একটি অভিযোগের ঘটনা তদন্ত করতে গেলে তাঁরা হামলার শিকার হন। তখন পুলিশ আত্মরক্ষার্থে চারটি ফাঁকা গুলি ছোড়ে।পরে ওই রাতেই পুলিশ বাদী হয়ে দুই শতাধিক গ্রামবাসীর নামে মামলা করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের দেওটুকোন চকপাড়া গ্রামের সবুজ মিয়া পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের উপলা গ্রামের আমির খাঁর সঙ্গে যৌথভাবে একটি হাঁসের খামার করেন।সম্প্রতি সবুজ মিয়া আমির খাঁর কাছে তাঁর হাঁসের অংশ চাইলে আমির খাঁ পুরো হাঁস তাঁর নিজের দাবি করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। সবুজ মিয়া এ বিষয়ে পূর্বধলা থানায় একটি অভিযোগ করেন। পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) আরিফ ও সহকারী উপপরিদর্শক রায়হান ফারুক ওই অভিযোগের তদন্ত করতে উপলা গ্রামে যান। পুলিশ উভয় পক্ষকে ডেকে নিয়ে স্থানীয় জামধলা বাজারে আসে। এ সময় আমির খাঁ ও তাঁর অসুস্থ ছেলে জুয়েলের (২২) সঙ্গে সবুজের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েলকে সবুজ বেধড়ক মারধর করেন। এতে জুয়েল গুরুতর আহত হন। তখন জুয়েল মারা গেছেন, এমন গুজব ছড়ালে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সবুজকে না পেয়ে পুলিশের ওপর হামলা চালায়।এ সময় পুলিশ আত্মরক্ষার্থে চারটি ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে গিয়ে জামধলা বাজারের একটি চায়ের দোকানে আশ্রয় নেয়। পরে নেত্রকোনা ও পূর্বধলা থানার অতিরিক্তি পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। গুরুতর আহত জুয়েলকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।