পূর্বধলায় পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছে।গত মঙ্গলবার দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় শিশুসহ টেম্পোর দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত যাত্রীরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা থানার সাধুপাড়া গ্রামের আবদুল কুদ্দুস (৫৫) ও নজরুল ইসলামের দেড় বছরের শিশুকন্যা নোভা। নিহত ও আহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তারা ওই টেম্পোতে করে দুর্গাপুর উপজেলার শংকরপুর গ্রামে আত্মীয়বাড়িতে বেড়াতে যাচ্ছিল।আহত ব্যক্তিরা হলো—টেম্পোচালক ইউছুফ (৩২), যাত্রী হাদিসা খাতুন (২২), তহুরা খাতুন (৩৫), মোবারক হোসেন (১০), নজরুল ইসলাম (৩০), স্বর্ণা আক্তার (১২), শিমু আক্তার (৯), নাদিরা আক্তার (৮), নাঈম (৩), ইউনুছ (৩৫) ও মাহমুদা আক্তার (১৫)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জারিয়া স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মাস্টার জাফর আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।অপরদিকে গত শনিবার রাতে অবৈধ নছিমন দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত দুজন হলেন—উপজেলার আন্ধা গ্রামের জালাল উদ্দিন (৭৫) ও আগিয়া গ্রামের হোসেন আলী মেম্বার (৭৫)।আহত ব্যক্তিরা হলেন নছিমনের চালক আইয়ুব আলী (২৪), শামছুদ্দিন (৪০), দিলোয়ার হোসেন (১৯), আশরাফুল আলম (২৪) ও এখলাছ উদ্দিন (৪৫)। তাঁদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওযাদুদ জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি।