পূর্বধলায় বধ্যভূমি পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাঁচ সদস্যের একটি তদন্ত দল গতকাল শনিবার নেত্রকোনার পূর্বধলা উপজেলা সফর করেছে। তাঁরা উপজেলার চারটি বধ্যভূমি পরিদর্শন করেন।তদন্ত দলে ছিলেন তদন্ত সংস্থার সমন্বয়ক এম সানাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ারা বেগম, মো. আবদুর রাজ্জাক খান ও শ্যামল চৌধুরী।তদন্ত দল প্রথমে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় এম সানাউল হক বলেন, যুদ্ধাপরাধীদের বিচার একটি চলমান প্রক্রিয়া। যত দিন সাক্ষ্য-প্রমাণ মিলবে, তত দিন এ বিচার-প্রক্রিয়া চলবে। সভায় মুক্তিযোদ্ধাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।এরপর তদন্ত কর্মকর্তারা উপজেলা সদরের রাজপাড়ায় বধ্যভূমি পরিদর্শনে যান। এখানে ১৯৭১ সালের ১ মে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকবাহিনী একটি হিন্দু পরিবারের কয়েকজনকে হত্যা করে ফেলে রেখে যায়। পরে তাঁদের মাটিচাপা দেওয়া হয়। এ সময় কমিটির সামনে স্থানীয় লোকজন ওই হত্যাকাণ্ডের বর্ণনা দেন এবং এর সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের নামও জানিয়েছেন।পরে তাঁরা উপজেলার জারিয়া, পূর্বধলা সদরের পুকুরিয়াকান্দা ও ত্রিমোহনী বধ্যভূমি পরিদর্শন করেন। এ সময় তাঁরা স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করেন।