পূর্বধলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল সোমবার দুপুরে উপজেলা বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান মিয়া গতকাল উপজেলা সদরে সাংগঠনিক সফরে আসেন। এ উপলক্ষে একই স্থানে, একই সময় দুই পক্ষের সমর্থকেরা সমাবেশের ডাক দেন। প্রশাসনের অনুমতি না পাওয়ায় কোনো পক্ষই সমাবেশ করতে পারেনি।জানা যায়, কেন্দ্রীয় নেতাকে স্বাগত জানাতে উপজেলা বিএনপির সভাপতি সায়েদুর রহমান তালুকদারের সমর্থকেরা ও উপজেলা বিএনপির পাল্টা কমিটির সভাপতি মুশতাক আহমেদের সমর্থকেরা গতকাল দুপুরে পূর্বধলা চৌরাস্তায় সমবেত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।