পূর্বধলায় বেইলি সেতু ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
নেত্রকোনার পূর্বধলা উপজেলার রাজাবাজার এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ধলাই নদের ওপর নির্মিত বেইলি সেতুটি গত শনিবার রাতে একটি ট্রাকসহ ভেঙে পড়েছে। এতে পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার সঙ্গে ঢাকাসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।এলাকাবাসী সূত্র জানায়, গত শনিবার গভীর রাতে একটি ট্রাক অতিরিক্ত চিনামাটি বোঝাই করে ঝুঁকিপূর্ণ সেতুটি পার হচ্ছিল। সেতুর মাঝামাঝি এলে ট্রাকসহ সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চালক মাসুদ মিয়া (৩৫) ও তাঁর সহকারী রিয়াজ (২৫) গুরুতর আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, সেতু ভেঙে যাওয়ায় পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় লোকজন জানান, প্রায়ই সেতুটি ভেঙে পড়ে। প্রায় এক যুগ ধরে জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণ এই সেতুটি যানবাহন চলাচলের উপযোগী রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সেতুর দুদিকে ‘ঝুঁকিপূর্ণ সেতু, পাঁচ টনের অধিক মালামাল পরিবহন নিষেধ’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. সাঈদ উদ্দিন বলেন, সেতুটির মেরামত শেষ হতে ১০-১৫ দিন সময় লেগে যেতে পারে।