পূর্বধলায় ব্যালট ছিনতাইয়ের চেষ্টা, চারজন গুলিবিদ্ধসহ আহত ২৯
নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকদের ব্যালট ছিনতাইয়ের চেষ্টায় পুলিশ বাধা দিয়ে লাঠিপেটা ও গুলিবর্ষণ করলে চারজন গুলিবিদ্ধ ও অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের বাট্টা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিন ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।প্রিসাইডিং কর্মকর্তা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ওই কেন্দ্রে ভোট গ্রহণ শেষে চেয়ারম্যান, নারী সদস্য ও সাধারণ সদস্য পদের ফলাফল ঘোষণা করা হয়। সদস্য পদে হাবিবুর রহমান বিজয়ী ঘোষিত হলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সারোয়ার জাহান খানের কর্মী-সমর্থকেরা তা প্রত্যাখ্যান করেন এবং আবার ভোট গণনার দাবি জানান। এ সময় নির্বাচনী কর্মকর্তাদের ভোটকেন্দ্রের ভেতর অবরুদ্ধ করে রাখা হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মানিক কুমার চক্রবর্তী, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ সিরাজুল ইসলামসহ অন্যদের বাইরে এনে লাঞ্ছিত করে ব্যালট পেপার ছিনিয়ে নেয় সারোয়ার খানের সমর্থকেরা। এ সময় পুলিশ ১৩টি গুলি করলে লাক মিয়া, রইছ মিয়া, স্বাধীন ও জেমি গুলিবিদ্ধ হন এবং ২৫ জন আহত হন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা মানিক কুমার চক্রবর্তী, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ সিরাজুল ইসলাম, শাহজাহান ও সাইকুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে লাক মিয়া, রইছ মিয়া ও স্বাধীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ লাক মিয়া, রইছ মিয়া, শাহজাহান, সাইকুল, রফিক, আকিকুল ও ফজলু মিয়াকে আটক করেছে। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আকরাম হোসেন বলেন, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ভোটকেন্দ্রে পুলিশের গুলিবর্ষণের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউপি নির্বাচন সমন্বয়কারী মোহাম্মদ মোজাম্মেল হক।