পূর্বধলায় রেলপথ অবরোধ
ময়মনসিংহ-জারিয়া রেলপথে ট্রেনের সময়সূচি পুনর্বহালের দাবিতে নেত্রকোনার পূর্বধলায় গতকাল বুধবার রেলপথ অবরোধ, মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। সাধারণ যাত্রী, পূর্বধলা ডিগ্রি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক ও এসি ক্লাবের উদ্যোগে দুপুরে পূর্বধলা ও জারিয়া স্টেশনে এ কর্মসূচি পালিত হয়।জারিয়া স্টেশনে দুপুরের ট্রেনটি প্রায় এক ঘণ্টা ও পূর্বধলা স্টেশনে ৩০ মিনিট অবরোধ করে রাখা হয়। এ সময় সমাবেশে বক্তারা বলেন, সড়কপথ সারা বছর ভাঙাচোরা থাকায় ময়মনসিংহসহ সারা দেশে যাতায়াতের ক্ষেত্রে এ অঞ্চলের লাখ লাখ মানুষের ট্রেনই একমাত্র ভরসা। বছর খানেক আগে রেলপথের সংস্কার হওয়ার পর থেকে এ পথে একটি ট্রেন দিনে চারবার চলাচল করত। সড়কপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হওয়ায় ট্রেনে প্রচুর যাত্রী যাতায়াত করে। এতে রেল বিভাগের আয়ও বৃদ্ধি পায়। কিন্তু অজ্ঞাত কারণে রেল কর্তৃপক্ষ রাতের সময়সূচির ট্রেনটি ১৮ নভেম্বর থেকে বাতিল করে চারবারের স্থলে তিনবার নির্ধারণ করে। এতে লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়ে। তারা রাতের সময়সূচির ট্রেনটি আবার অন্তর্ভুক্ত করার দাবি জানায়।সমাবেশে বক্তব্য দেন পূর্বধলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ খান, আনোয়ারুল হক, আতিকুর রহমান, মাসুদ আলম, জাহিদুল ইসলাম, নোমান শাহরিয়ার, আনিসুর রহমান, রতন দত্ত, আবদুস ছালাম প্রমুখ। পরে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে রেলপথমন্ত্রীর কাছে পৃথক পৃথক স্মারকলিপি দেওয়া হয়।