পূর্বধলায় শিক্ষক লাঞ্ছিত, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের জগৎ মনি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকীকে উপজেলা ছাত্রলীগের একদল নেতা-কর্মী শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল বিকেলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক, যুবলীগের আহ্বায়কসহ নয়জনের বিরুদ্ধে পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নুরে আলম গতকাল সকালে ব্যক্তিগত কাজে মঙ্গলবাড়ীয়া বাজারের একটি আসবাব তৈরির দোকানে গিয়ে বসেন। এ সময় উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁর সঙ্গে কথা বলার একপর্যায়ে তাঁকে লাঠি ও চেয়ার দিয়ে আঘাত করেন। এ ছাড়া পাশে রাখা তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নুরে আলম প্রথম আলোকে জানান, তাঁর বাবা ফজলুর রহমান খান উপজেলার কাপাশিয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। ১৫ মার্চ ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আনুষ্ঠান হওয়ার কথা। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহামদ হোসেনকে প্রধান অতিথি করা হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের সমর্থক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলামের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়।জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গতকাল সন্ধ্যায় জানান, তিনি নেত্রকোনা ছিলেন। ঘটনাটি তিনি শুনেছেন। তবে থানায় অভিযোগ দেওয়া হয়েছে কি না, তা তিনি জানেন না।