পূর্বধলায় সেতু ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বোটেরঘাট এলাকার বেইলি সেতুটি গতকাল রোববার অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাকসহ ভেঙে পড়ে। এতে ময়মনসিংহ ও ঢাকাসহ সারা দেশের সঙ্গে পূর্বধলা ও সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এর ফলে এ পথে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে জারিয়া থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাক সেতুতে ওঠে। এটি মাঝামাঝি স্থানে পৌঁছালে সেতুটি ভেঙে যায়। এতে ট্রাকটি ধলাই নদীতে উল্টে পড়ে। সেতুর দুই পাশে বহু বাস ও ট্রাক আটকা পড়েছে। এ কারণে শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়। স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন স্থানীয় লোকজনের মাধ্যমে দুটি নৌকা দিয়ে যাত্রী পারাপারের ব্যবস্থা করেন। এ ব্যাপারে নেত্রকোনার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, অতিরিক্ত মাল বোঝাই করায় ওই ট্রাকের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। শিগগিরই সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রায়হান ফারুক বলেন, এ ঘটনায় সওজের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।