পূর্বধলায় ১৩ জুয়াড়ির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল বুধবার ১৩ জুয়াড়িকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রাম থেকে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করে পূর্বধলা থানার পুলিশ।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটেরকোনা গ্রামের আবদুল মতিনের বাড়ি থেকে ওই ১৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ২০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মোজাম্মেল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেন। পরে তাদের নেত্রকোনা জেলহাজতে পাঠানো হয়।