পূর্বধলায় ১৩৯ গভীর নলকূপ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চলতি বোরো মৌসুমে ১৩৯টি গভীর নলকূপ চালু হয়নি। এতে প্রায় ১৪ হাজার একর জমিতে সেচসংকট দেখা দেওয়ার পাশাপাশি বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, দফায় দফায় ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে এ বছর অনেক নলকূপ চালু করা যায়নি। এ ছাড়া রয়েছে গভীর নলকূপ পরিচালনার দায়িত্বে থাকা সমবায় সমিতিগুলোর মধ্যে অন্তঃকোন্দল, বিদ্যুত্-সংযোগ না থাকা ও যান্ত্রিক ত্রুটি।জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ১৯৮৫ থেকে ১৯৯৩ সালের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ১৭৭টি গভীর নলকূপ স্থাপন করে। কৃষক সমবায় সমিতির কাছে নির্ধারিত মূল্যে নলকূপগুলো সরবরাহ করা হয়। সমিতিগুলোর কিস্তির মাধ্যমে নলকূপের মূল্য পরিশোধ করার কথা। ইতিমধ্যে ৯৬টি সমিতি মূল্য পরিশোধ করে নলকূপের মালিকানা বুঝে নিয়েছে। বাকিগুলো বিআরডিবি ও বিএডিসির মালিকানায় রয়েছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ৩৮টি গভীর নলকূপ চালু করা হয়েছে। প্রতিটি নলকূপ দিয়ে প্রায় ১০০ একর জমিতে সেচ দেওয়া যায়। ফলে বন্ধ থাকা ১৩৯টি নলকূপের আওতায় প্রায় ১৩ হাজার ৯০০ একর জমির বোরোর সেচ ব্যাহত হচ্ছে। গভীর নলকূপ চালু না থাকায় কৃষকেরা অগভীর নলকূপ বা শ্যালো মেশিন (সেচযন্ত্র) দিয়ে সেচ দিচ্ছেন। যেখানে একটি গভীর নলকূপ হলেই চলে, সেখানে কৃষকদের ৫-১০টি শ্যালো মেশিন বসাতে হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম গ্রামের বিআরডিবির গভীর নলকূপটি বন্ধ আছে। সমবায় সমিতির সদ্যসদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে কয়েক বছর ধরে এটি চালু হচ্ছে না। নলকূপটির ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, এটি চালু করার জন্য বারবার উদ্যোগ নিয়েও সদস্যদের মধ্যে মতানৈক্যের কারণে তা সম্ভব হয়নি। নলকূপটি চালু করা গেলে বোরোর সেচ নিয়ে কৃষকদের চিন্তা করতে হতো না। একই গ্রামে বিএডিসির অপর নলকূপটি বিদ্যুত্-সংযোগ না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ আছে।স্থানীয় কৃষক মতিউর রহমান, রুক্কু মিয়া, নজরুল ইসলামসহ অনেকেই বলেন, নলকূপ দুটি চালু না হওয়ায় এর আওতাভুক্ত জমিতে সেচ দিতে কয়েকটি সেচযন্ত্র বসানো হয়েছে। চৈত্র মাসে পানির স্তর নিচে নেমে যাওয়ায় শ্যালো ইঞ্জিনেও পানি ওঠে না। তখন কয়েক ফুট গভীর গর্তে মেশিন স্থাপন করে পানি ওঠাতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ বছর বোরো আবাদের সময় শেষ হতে চললেও অনেকে এখনো জমিই ভেজাতে পারেননি। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহজালাল মিয়া বলেন, ‘এলাকাভিত্তিক কৃষক সমবায় সমিতি নলকূপগুলোর ব্যবস্থাপনায় আছে। তারা সেগুলো চালু না করলে আমাদের করার কিছু থাকে না। নলকূপগুলো চালু করতে সমিতির সদস্যদের সঙ্গে আমরাও বারবার যোগাযোগ করছি।’উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার সাহা বলেন, যান্ত্রিক ত্রুটি, সদস্যদের মধ্যে কোন্দল, বিদ্যুত্-সংযোগ না থাকা ও ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে অধিকাংশ নলকূপ বন্ধ আছে। তবে বিকল্প হিসেবে ব্যক্তি-উদ্যোগে উপজেলায় ছয় হাজার ২০৭টি অগভীর নলকূপ বসানো হয়েছে। গভীর নলকূপগুলো বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকায় বোরোর সেচ ব্যাহত হচ্ছে।নেত্রকোনা পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আবদুর রশিদ বলেন, এ বছর কয়েকটি নলকূপে নতুন সংযোগ দেওয়া হয়েছে। যেসব নলকূপে লাইন নেই, আবেদন করলে সংযোগ দেওয়া হবে।