পূর্বধলায় ৪১ কেজিতে মণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত ওজন পরিমাপের নিয়মানুযায়ী ৪০ কেজিতে এক মণ। নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধানব্যবসায়ীরা ওজনের এই পরিমাপ মানেন না। তাঁরা কৃষকদের কাছ থেকে এক মণে ৪১ কেজি ধান আদায় করছেন। এভাবে ব্যবসায়ীরা কৃষকদের ঠকাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, ধানব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে প্রতি মণে এক কেজি ধান বেশি নেওয়ার এই ব্যবস্থার নাম দিয়েছেন ‘ডলক’। এক মণ ধানে ৪১ কেজি না হলে কৃষককে দেওয়া হয় ৩৯ কেজির দাম।সরকারি খাদ্য গুদামগুলোর কর্মকর্তারা কৃষকদের কাছ থেকে ধান কেনার সময় এক মণে ৪০ কেজি নেন। কিন্তু উপজেলা সদর, শ্যামগঞ্জ, হোগলা, হিরণপুর, জারিয়া, নারায়ণডহর, দেওটুকোন, যাত্রাবাড়ীসহ প্রতিটি হাট-বাজারেই কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবসায়ীরা ধান কেনার সময় এক মণে ৪১ কেজি নেন।মঙ্গলবার পূর্বধলা সদর বাজারে ধান বিক্রি করতে আসা মৌদাম গ্রামের মাফিজ উদ্দিন জানান, তিনি ১৭ মণ ধান বিক্রি করেছেন। এ সময় তাঁকে ওই ধানের সঙ্গে অতিরিক্ত আরও ১৭ কেজি ধান বেশি দিতে হয়েছে। শুধু মাফিজ উদ্দিন নন, মেঘশিমুল গ্রামের আলা উদ্দিন, পানিশা গ্রামের নজরুল ইসলাম, বাড়হা গ্রামের মোসলেম উদ্দিনসহ উপজেলার কয়েক শ কৃষক একই অভিযোগ করেন।অভিযোগ রয়েছে, ওই প্রথার বিষয়ে কেউ প্রতিবাদ করলে, ব্যবসায়ীরা তাঁদের নাজেহাল করেন। বিষয়টি ইতিপূর্বে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনী এই প্রথা বন্ধ করেছিল। কিন্তু জরুরি অবস্থা ওঠে যাওয়ার সঙ্গে সঙ্গে তা আবার চালু হয়। ইউএনও মো. মোজাম্মেল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’