পূর্বপুরুষদের খেলার মাঠ দখল করছেন বংশধরেরা
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের ইসহাক ভূঁইয়া নামের এক ব্যক্তি ১৯৪৩ সালে তাঁর ৮৫ শতাংশ পৈতৃক জমিতে খেলার মাঠ গড়ে তোলেন। পরে মাঠ সম্প্রসারণে গ্রামের কয়েকজন বাসিন্দা আরও কিছু জায়গা দেন। এখন সেই মাঠ তাঁদের বংশধরেরা দখল করছেন।
সরেজমিনে দেখা গেছে, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড লাগোয়া মাঠে ভূঁইয়া পরিবারের সদস্যরা দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এর মধ্যে পরিবারের সদস্য উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের দুটি এবং আইনুল মিয়ার তিনটি ও ইকবাল হোসেনের তিনটি দোকান রয়েছে। এ ছাড়া মাঠের ভেতরে ঘর নির্মাণ করেছেন একই পরিবারের সদস্য ফরিদ মিয়া ও জসিম উদ্দিন। মাঠের এক পাশে মাটি ফেলে উঁচু করা হয়েছে। এ কারণে খেলাধুলা বন্ধ।
এলাকাবাসীর কাছে জায়গাটি ‘দাড়িয়াকান্দি মাঠ’ হিসেবে পরিচিত। মাঠ রক্ষায় গ্রামবাসী প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই মাঠে প্রতিবছর ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হতো। রাজনৈতিক ও সামাজিক সমাবেশ হতো এই মাঠেই। এলাকার ছেলেরা প্রায় সারা বছর এ মাঠে খেলাধুলা করতেন। কিন্তু কয়েক বছর ধরে ভূমিদাতা পরিবারের সদস্যরা মাঠের স্বত্ব প্রতিষ্ঠায় উদ্যোগী হন। ইতিমধ্যে ছয়সূতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কামরুল আহসান ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহনেওয়াজ ভূমির স্বত্ব দাবি করে আদালতে মামলা করেছেন। ইসহাক ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকেও পাল্টা মামলা করা হয়েছে।
একটি মামলার বাদী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘মাঠের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকেও জমি দেওয়া হয়েছে। এখন কাগজপত্রের ত্রুটির সুযোগ নিয়ে ইসহাক ভূঁইয়ার বংশধরেরা জায়গা দখল করছেন। মূলত মাঠরক্ষার উদ্দেশ্যেই আমাদের পক্ষ থেকে মামলা করা।’
আরেক দাবিদার কামরুল আহসান বলেন, ‘আমার পরিবার থেকেও মাঠের জন্য ৪০ শতাংশ জায়গা দেওয়া হয়েছে। তবে মাঠটি রক্ষা করা হলে আমাদের কোনো দাবি থাকবে না।’
ইসহাক ভূঁইয়ার পরিবারের সদস্য আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘এটি খেলার মাঠ ছিল। তবে এখন আর মাঠের প্রয়োজন আছে বলে মনে হয় না। এ কারণে আমরা পূর্বপুরুষদের জায়গা ফিরিয়ে নিচ্ছি।’
ছয়সূতি ইউনিয়নের ভূমি কার্যালয়ের তহসিলদার মনির উদ্দিন আহমেদ বলেন, ‘দাড়িয়াকান্দি খেলার মাঠ নামে পরিচিত স্থানটি আরএস রেকর্ডে খেলার মাঠ হিসেবে উল্লেখ আছে। কিন্তু পরবর্তী সময়ে সরকারের সঙ্গে কোনো চুক্তি হয়নি। এ কারণে আমাদের পক্ষ থেকে আইনিভাবে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।’