পূর্বপ্রস্তুতি থাকলে দুর্যোগে ক্ষতি অনেকটা কম হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্যোগে পাব না ভয়, দুর্যোগকে আমরা করব জয়’ স্লোগানে খুলনায় নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৬ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, মহড়া, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ অত্যন্ত দুর্যোগপ্রবণ অঞ্চল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়লে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়বে। তাই এ ব্যাপারে এখনই প্রস্তুতি নিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দরকার কঠোর আইন ও সচেতনতা বৃদ্ধি।
বক্তারা আরও বলেন, পূর্বপ্রস্তুতির মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব। দুর্যোগের সময়ে দক্ষতার সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জনেও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ থাকা জরুরি।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সকালে আয়োজিত এ আলোচনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) সুলতান আলম। বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সি এ হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনিরুজ্জামান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মান্নান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন।
প্রদীপনের আবদুল্লাহ সাঈদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দুর্যোগের সময় করণীয়সহ বিভিন্ন চিত্র তুলে ধরেন।
এর আগে নগরের শহীদ হাদিস পার্ক থেকে শোভাযাত্রা বের হয়। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের নেতৃত্বে শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
পরে নগরের কালেক্টরেট প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অগ্নিনির্বাপণসহ বিভিন্ন দুর্যোগে উদ্ধার কার্যক্রমের ওপর মহড়া প্রদর্শন করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে।