পূর্ববিরোধের জেরে বাড়ির ফটকে বেড়া, ভোগান্তি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি পরিবারের বাড়ির ফটকে টিন ও বাঁশের বেড়া দিয়েছেন তাঁর প্রতিবেশী। এতে এক সপ্তাহ ধরে ওই পরিবারের সদস্যরা চলাচলে ভোগান্তিতে পড়েছেন। তাঁদের এখন বাড়ির অন্য পাশের জমি দিয়ে গ্রামের সড়কে উঠতে হচ্ছে।
ভুক্তভোগী ওই পরিবারের বাড়ি উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া পূর্বপাড়া গ্রামে। পরিবারটির প্রধান আবদুর রহিম এ বিষয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভরিয়া পূর্বপাড়া গ্রামে আবদুর রহিম মণ্ডল দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তাঁর পরিবারের সদস্যসংখ্যা পাঁচ। তাঁর বাড়ির ফটকের সামনে ইনতাজ আলী প্রামাণিকের বাড়ি। পূর্ববিরোধের জের ধরে ২২ আগস্ট প্রতিবেশী ইনতাজ আলী ও তাঁর সহযোগীরা আবদুর রহিমের বাড়ির ফটকের সামনে টিন ও বাঁশের বেড়া দেন। আবদুর রহিমের বাড়ি থেকে মাত্র ১০ গজ দূরেই গ্রামের চলাচলের সড়ক। এখন তাঁরা এ পথে যাতায়াত করতে পারছেন না। তাঁরা বাড়ির অন্য পাশে বিভিন্ন জমির আল দিয়ে ঘুরপথে যাতায়াত করছেন।
আবদুর রহিম বলেন, ‘একটি গাছ কাটা নিয়ে ইনতাজ আলীর সঙ্গে ঝগড়া হয়েছিল। এরপর হঠাৎ তিনি আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। আমরা চরম সমস্যায় পড়েছি। স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারছি না। প্রয়োজনে আমি চলাচলের জন্য জায়গাটি কিনে নেওয়ারও প্রস্তাব দিয়েছি।’
আবদুর রহিমের কলেজপড়ুয়া ছেলে আল আমিন বলেন, ‘পথ বন্ধ থাকায় আমাদের লেখাপড়ার চরম সমস্যা হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে বাড়ি থেকে বের হওয়া যায় না।’
ইনতাজ আলী বলেন, ‘আমাকে ও আমার পরিবারকে গালিগালাজ করেন আবদুর রহিম। অতিষ্ঠ হয়ে আমার জায়গা বন্ধ করে দিয়েছি। আমার জমিতে আমি কী করব, তা আমার ব্যক্তিগত ব্যাপার।’
দেউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাই প্রধান বলেন, ‘অভিযোগ পেয়ে তাঁদের মধ্যে সমঝোতা করে দিতে উদ্যোগ নিয়েছিলাম। এক ইউপি সদস্য সালিস বৈঠক করেছিলেন। কিন্তু আমাদের কথা ইনতাজ আলীর পরিবার মানেননি।’
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, অভিযোগ পেয়ে একজন উপপরিদর্শককে (এসআই) বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।