পূর্বশত্রুতার জের ধরে জকিগঞ্জে কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে রজত বিশ্বাস (৪৫) নামের এক কৃষককে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে বিরশ্রী ইউনিয়নের ডালুরপাড় গ্রামের একটি ডোবা থেকে পুলিশ রজতের লাশ উদ্ধার করেছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সুলিত বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
রজত বিশ্বাসের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই গ্রামের কৃষক রজত বিশ্বাস গত মঙ্গলবার রাতে নিখোঁজ হন। বাড়ির পাশের ধানখেতে সকালে রক্তমাখা একটি টর্চলাইট পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাইটটি উদ্ধার করে এবং কৌশলে লাইটের মালিক সুলিত বিশ্বাসকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ রজতের লাশ উদ্ধার করে।