পূর্বশত্রুতার জের ধরে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলায় পিটুনির শিকার হয়ে বুলু মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাত দেড়টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর কোলা বিলে মৎস্যঘের থেকে ‘চোর চোর’ বলে চিৎকার শোনা যায়। পরে পার্শ্ববর্তী লস্করপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতাবস্থায় বুলুকে উদ্ধার করেন। গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।প্রসঙ্গত, বুলু মোল্লা এক নারীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা খেটে দুই বছর আগে বাড়ি ফেরেন। তারপর এলাকার একাধিক ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়।ওই মৎস্যঘেরসংলগ্ন এলাকার বাসিন্দা গৃহবধূ স্বপ্না বেগম বলেন, ‘মাঝরাত্তিরে “চোর গেল, ধর ধর” বলে চিৎকার শুনে আমার ঘুম ভাঙে। পরে বিলির মেলা মানষি মিলে তারে বেদম মারপিট করে। খানিক পরে পুলিশ আইসে বুলু মোল্লারে নিয়ে যায়।’নাম প্রকাশ না করার শর্তে এক ঘেরমালিক বলেন, বুধবার রাতে বুলু তাঁর দুই সঙ্গীকে নিয়ে তাঁদের ঘেরে মাছ চুরি করতে আসেন। এ সময় দুই সঙ্গী পালিয়ে গেলেও বুলু ধরা পড়লে গণপিটুনির শিকার হন। বুলুর বড় ভাই কোবাদ আলী বলেন, ওই দিন রাত ১০টার পর স্থানীয় দুই ব্যক্তি বুলুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পূর্বশত্রুতার জের ধরে বুলুকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।গতকাল দুপুরে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।