পূর্বশত্রুতার জেরে হামলা, লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় পাঁচ বিঘা জমির বিভিন্ন ধরনের প্রায় দুই হাজার গাছ কর্তনসহ বেশ কিছু ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়ির ফ্রিজ, ট্রাংক, কম্পিউটার, টিভি, মুঠোফোন সেট, স্বর্ণালংকার, নগদ অর্থ, ফ্যান, হাঁড়ি-পাতিল ও সাতটি পরিবারের প্রায় ২০টি গরু লুট করে নিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যা ব সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সদর উপজেলার ইছামতী গ্রামের আবু সাঈদ মাস্টারের সঙ্গে একই গ্রামের আসাদ খানের সঙ্গে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাতেই সাঈদ মাস্টারের নেতৃত্বে তাঁর সমর্থকেরা আসাদ খান ও মঞ্জু খানের প্রায় পাঁচ বিঘা জমির ইউক্যালিপটাস ও মেহগনিসহ বিভিন্ন জাতের প্রায় দুই হাজার গাছ কেটে ফেলে। গতকাল শনিবার বিকেলে সাঈদ মাস্টারের লোকেরা আবার সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের প্রায় অর্ধশত বাড়িঘরে ভাঙচুর করে এবং বাড়ির আসবাব ও গোয়ালের গরু লুট করে নিয়ে যায়।