পূর্বাচল ক্রীড়া কমপ্লেক্সেই ক্রিকেট স্টেডিয়াম

পূর্বাচল নতুন শহর প্রকল্পে জাতীয় ক্রীড়া কমপ্লেক্সের মধ্যেই নির্মিত হবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের মহাপরিকল্পনায় জাতীয় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জন্য বরাদ্দ ছিল ৩৭ দশমিক ৫০ একর জমি। প্রথমে রাজউক নিজেরা এটি নির্মাণ করতে চাইলেও পরে এই জমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অবকাঠামো নির্মাণের দায়িত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদকে বরাদ্দ দেয়। ক্রীড়া পরিষদ নির্মাণকাজে অনেকটা এগিয়েও যায়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে এই জমিতে পাঁচ তারকা হোটেলবিশিষ্ট একটি অত্যাধুনিক ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলার আগ্রহ দেখায়। তখন স্টেডিয়ামটি নির্মাণ করবে কে, এটির মালিকানা কার হবে এ নিয়ে প্রশ্ন ওঠে। ক্রীড়া পরিষদও নির্মাণ পরিকল্পনা আপাতত স্থগিত রাখে। এই প্রেক্ষাপটে গতকাল নিজ কার্যালয়ে বৈঠক ডাকেন অর্থমন্ত্রী।
২৫ অক্টোবর প্রথম আলোতে ‘পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম: নির্মাণের দায়িত্ব ঠিক করতেই দুই বছর পার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকালের বৈঠক সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী চান পূর্বাচলের ১ নম্বর সেক্টরে বালু নদের তীরে নির্ধারিত জায়গায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের দায়িত্ব বিসিবিই নিক। তবে সেটি হবে জাতীয় ক্রীড়া কমপ্লেক্স মহাপরিকল্পনার অংশ। মহাপরিকল্পনা তৈরি করবে জাতীয় ক্রীড়া পরিষদ। মোট জমি থেকে ক্রিকেট স্টেডিয়ামের জন্য ২০ একর জমি বরাদ্দ হতে পারে। বাকি জমিতে অন্য স্টেডিয়াম ও প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো নির্মাণ করবে জাতীয় ক্রীড়া পরিষদ।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে এই ক্রীড়া কমপ্লেক্স ও ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত চূড়ান্ত করার দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেছেন, ক্রিকেট স্টেডিয়াম বিসিবিই করুক। কমপ্লেক্সের অন্য কাজ করবে জাতীয় ক্রীড়া পরিষদ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ক্রীড়া কমপ্লেক্সের মধ্যে হোটেল হবে না। অনেকেরই হয়তো জানা নেই যে পূর্বাচলে একটি পাঁচ তারকা হোটেলের জন্য আলাদা জায়গা নির্দিষ্ট আছে।