পূর্বাচল, ঝিলমিল ও উত্তরা তৃতীয় পর্বের নকশা অনুমোদন জুন থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্বাচল, ঝিলমিল ও উত্তরা তৃতীয় পর্বের আবাসিক এলাকায় প্লট গ্রহীতাদের বাড়ি নির্মাণের নকশা অনুমোদন আগামী জুন মাস থেকে শুরু হবে। গতকাল বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশনা দিয়েছে।
গতকাল সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) পর্যালোচনা সভা থেকে এ নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রণালয় সূত্র জানায়। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় বলা হয়, ওই তিনটি আবাসিক এলাকার মধ্যে পূর্বাচলে শতকরা প্রায় ৪০ ভাগ, ঝিলমিলে প্রায় ৮৫ ভাগ ও উত্তরায় প্রায় ৮০ ভাগ উন্নয়ন কাজ শেষ হয়েছে। নকশা অনুমোদনের আগেই অবশিষ্ট কাজ সম্পন্ন করা যাবে।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নুল আবেদীন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান, প্রধান স্থপতি মো. আহসানুল হক খানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।