নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল প্রবাসী পল্লী নামে একটি আবাসন প্রকল্পের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে প্রকল্পটির সব কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।জলাশয় ও কৃষিজমিতে অনুমোদন ছাড়াই স্থাপনা তৈরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে ও তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এর আগে প্রকল্পটিকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম শামছুল আলম, সহকারী পরিচালক হাফিজুর রহমান ও জ্যেষ্ঠ কেমিস্ট মহিউদ্দিন মানিক উপস্থিত ছিলেন।পরিবেশ অধিদপ্তর জানায়, সংবাদপত্রে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রকল্পের কর্মকর্তারা মানুষের সঙ্গে প্রতারণা করছেন। প্রকল্পের ৯৮ শতাংশ এলাকা এখনো জলমগ্ন এবং সেখানে স্থানীয় বাসিন্দারা মাছ শিকার করছে। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় জলাশয় ও কৃষিজমিতে আবাসন প্রকল্পটির স্থাপন করা সাইনবোর্ড, তোরণ ও ফ্রেম উচ্ছেদ করা হয়েছে। প্রকল্পটির মালিক লন্ডন-প্রবাসী মো. মুহিদুর রহমান এবং চেয়ারম্যান মো. হাবিবুর রহমান।অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, কৃষিজমি ও খাল-বিলের ওপর এ ধরনের বেআইনি আবাসন প্রকল্প পরিবেশ ও প্রতিবেশকে ধ্বংস করবে। প্রকল্পের ভূমি মালিকানা নিশ্চিত না করে এভাবে সাইনবোর্ড বসানো এবং পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। পরিবেশগত সমীক্ষা ছাড়া কোনোভাবেই এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হবে না।এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রকল্পের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।