বিশ্ব রেকর্ড করতে ১৬০০ কিলোমিটার রাইড শুরু হয়ে গেছে। বুধবার রাত সাড়ে আটটায় দ্রাবিড় আলমকে দিয়ে রাইডের শুরু হয়। রাজধানীর পূর্বাচলে তখন বেশ কুয়াশা। কুয়াশা আর ঠান্ডা উপেক্ষা করে ঢাকা থেকে এসেছেন অনেকে। স্থানীয় লোকজনও জড়ো হয়েছেন।
সম্মিলিত কণ্ঠে কাউন্টডাউনের মধ্য দিয়ে রাইড শুরু হয়। শুরুতে দ্রাবিড়ের সামনে ছিলেন তিনজন পেসার। কোনো ঝুটঝামেলা ছাড়াই পার হয়েছে রাইডের প্রথম ৩০ মিনিট, বললেন দ্রাবিড়।
১৬০০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিতে পূর্বাচলের জয়নুল আবেদীন চত্বরে দুদিন ধরে চক্করের পর চক্কর দেবেন চার সাইক্লিস্ট। এ জন্য ১ দশমিক ৭ কিলোমিটারের চৌকোণাকৃতির রাস্তাটুকু ৯৪১ বার চক্কর দিতে হবে তাঁদের।
দ্রাবিড়ের ৩০ মিনিট শেষ হওয়ার আগেই পেছন থেকে এগিয়ে আসেন তানভীর আহমেদ। রাত তখন সোয়া নয়টা। দ্রাবিড় তাঁর ব্যাটনটি তানভীরের হাতে তুলে দেন। তারপর একই জায়গায় তানভীর ৩০ মিনিট চক্কর দেন। একইভাবে ৩০ মিনিট করে চালাবেন রাকিবুল ও আলাউদ্দীন। এর পর থেকে শুরু হবে মূল রাইড।
প্রত্যেকে গড়ে ৩৫ কিলোমিটার গতিতে এক ঘণ্টা করে সাইকেল চালাবেন। একে একে চারজনে রিলে করে ৪৮ ঘণ্টা পাড়ি দিতে হবে। এর মধ্যেই ঘুম-খাওয়া সেরে নিতে হবে রাইডারদের। চার রাইডার পৃথক পৃথক সময় সাইকেল চালালেও তাঁদের সঙ্গ দেবেন পেসাররা। মূল সাইক্লিস্টদের সামনে চালাবেন পেসাররা।
এর আগে ২০১৬ সালের বিজয় দিবসে ১ হাজার ১৮৬ জন মানুষ ধীর গতিতে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। চলন্ত সাইকেলে দীর্ঘতম একক সারির রেকর্ডটি দীর্ঘদিন বিডিসাইক্লিস্টসের ঘরেই ছিল। এবার নতুন রেকর্ড গড়তে সাইকেলে সওয়ার হয়েছেন চারজন।
টিমবিডিসির সদস্যরা এ কাজে সহায়তা পেয়েছেন তাঁদের পৃষ্ঠপোষক ডাবরের কাছ থেকে। আর সহযোগিতায় আছে প্রথম আলো ডটকম।