পূর্বাচলে ভূমি উন্নয়নই শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ বছরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজের মাত্র ৫৮ শতাংশ শেষ হয়েছে। এ অবস্থায় রাজউক দাবি করছে, আগামী আড়াই বছরের মধ্যে বাকি ৪২ শতাংশ কাজ শেষ করে গ্রাহকদের প্লট বুঝিয়ে দেবে। অথচ এখনো প্রকল্পের ভূমি উন্নয়নের কাজই পুরোপুরি শেষ হয়নি। 

পূর্বাচল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল ১৯৯৫ সালে। আট বছর মেয়াদ বাড়ানোর পর আগামী বছরের জুনের মধ্যে এই প্রকল্প শেষ করার নতুন সময় ধার্য হয়। এখন রাজউক আরও দুই বছর সময় বাড়ানোর প্রস্তাব করেছে।
গত রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। রাজউকের দেওয়া ওই প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি হয়েছে ৫৮ শতাংশ। আর্থিক অগ্রগতি ৩৬ দশমিক ৫০ শতাংশ (২ হাজার ৮৩৯ কোটি টাকা)। অর্থাৎ এই টাকা খরচ করা হয়েছে। প্রকল্পের ভূমি উন্নয়নের কাজ হয়েছে ৮২ শতাংশ। ভূ-উপরস্থ নালাসহ প্রায় ৩১৯ দশমিক ২৮ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ১৬০ কিলোমিটার নির্মাণকাজ শেষ হয়েছে। ৮০ কিলোমিটারের কাজ চলছে। ৫০ কিলোমিটারের কাজের দরপত্র অনুমোদনের পর কার্যাদেশ দেওয়া হয়েছে এবং বাকি ১০ কিলোমিটারের প্রাক্কলন অনুমোদন শেষে দরপত্র প্রক্রিয়াধীন বলে প্রতিবেদনে বলা হয়।
রাজউক জানায়, ২৫ হাজার ১৬টি আবাসিক প্লটের মধ্যে ১৫ হাজার প্লট হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ২০০টি ভবনের নকশা অনুমোদন করা হয়েছে। প্রকল্প এলাকায় ৬১টি সেতুর মধ্যে ৩৪টি নির্মিত হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুসারে প্রকল্পে পাইপলাইনে গ্যাস সরবরাহ কার্যক্রম বন্ধ আছে। শেষ হয়নি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কাজও।
প্রকল্প সূত্র জানায়, ঢাকার খিলক্ষেত থানার ১৫০ একর, গাজীপুরের কালীগঞ্জের ১৫০০ একর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ৪ হাজার ৫৭৭ দশমিক ৩৬ একরসহ মোট ৬ হাজার ২২৭ দশমিক ৩৬ একর জায়গা নিয়ে ‘আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ আদর্শ আবাসিক শহর’ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্প নেওয়া হয়।
শুরুতে প্রকল্পের মেয়াদ ছিল ১৯৯৫ থেকে ২০১০ সাল পর্যন্ত। কিন্তু মূল প্রকল্প অনুমোদন হয় ২০০৫ সালের ফেব্রুয়ারিতে। এরপর ২০১০ সালের সেপ্টেম্বরে প্রকল্পের মেয়াদ ২০১৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। এখন আরেক দফায় আরও দুই বছর বাড়িয়ে ২০২০ সাল পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।
জানতে চাইলে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক মো. আব্দুল আউয়াল প্রথম আলোকে বলেন, ভূমি উন্নয়ন, রাস্তা, সেতু তৈরির কাজ অনেকখানি হয়ে গেছে। ২০২০ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এ সময়ের মধ্যে সবাইকে তাঁরা প্লট বুঝিয়ে দিতে পারবেন। তবে তিনি বলেন, প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব এখনো অনুমোদন হয়নি, আলোচনা চলছে।
প্রথমে এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৩১১ কোটি টাকা। পরে কুড়িল ফ্লাইওভার ও কুড়িল-পূর্বাচল সড়কসহ ব্যয় বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৭৮২ কোটি টাকা। এই প্রকল্পে আবাসিক প্লটের সংখ্যা ২৫ হাজার ১৬। অন্যান্য প্লট আছে ৩ হাজার ৫৬৫টি।
প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের রূপগঞ্জ অংশের ক্ষতিগ্রস্তদের প্লটের আবেদন গ্রহণ না করায় তাদের পক্ষ থেকে কাজ বাস্তবায়নে বাধা আসছে। একইভাবে কালীগঞ্জ অংশেও কাজে বাধা আসছে। এটি মিটমাট করতে গত নভেম্বরে ছয় সদস্যের দুটি কমিটি গঠন করা হয়েছে।
অগ্রগতি প্রতিবেদনে চলমান কাজ সম্পর্কে বলা হয়, ড্যাপ সংশোধনের আলোকে যুগোপযোগী বিভিন্ন অবকাঠামোর নকশা প্রণয়ন, তফসিল দর পরিবর্তন, সেবা খাতের বিভিন্ন বিষয় সংশোধন, কুড়িল ফ্লাইওভার ও লিংক রোডকে প্রকল্পের অন্তর্ভুক্ত করা, আদালতের আদেশ অনুসারে বনের জমি সংরক্ষণে লে-আউট প্ল্যান সংশোধন, কুড়িল-পূর্বাচল ৩০০ ফুট সড়কের দুই পাশে খাল খননসহ নানা কারণে প্রকল্পে সংশোধনী আনার দরকার হয়েছে। কুড়িল-পূর্বাচল সংযোগ সড়কের উভয় পাশে ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্পের সঙ্গে সমন্বয় করে নিরবচ্ছিন্ন ট্রাফিক প্রবাহ নিশ্চিত করতে এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান বিআরটিসি/বুয়েট এখন সড়কটির নকশা পর্যালোচনা করছে।
প্রতিবেদনে প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বলা হয়, ১৯৯৩-৯৪ সাল থেকে শুরু করে দীর্ঘ সময়ে জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণ শেষ হয় ২০১০ সালে। কিন্তু স্থানীয় লোকজনের বাধার কারণে সময়মতো ভূমি উন্নয়নকাজ শুরু করা যায়নি। কাজটি বারবার শুরু করা হলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে আশানুরূপ অগ্রগতি হয়নি। এখনো প্রকল্প এলাকায় অধিবাসীদের প্লটের দাবি পূরণ শেষ করা যায়নি। এ ছাড়া মসজিদ, মাদ্রাসা, স্কুল অপসারণ নিয়ে জটিলতা নিরসন করা যায়নি। এসব কারণে প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।