রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট পাওয়া ব্যক্তিদের কাছে বাড়ি তৈরির আবেদন চেয়ে শিগগিরই বিজ্ঞপ্তি দেবে। এর ওপর ভিত্তি করে আগামী বছরের মার্চ নাগাদ নকশা অনুমোদন করা হবে। এরপর বাড়ি তৈরির কাজ শুরু করাও সম্ভব হতে পারে।
গতকাল রোববার রাজউক ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া এ আশাবাদ প্রকাশ করেন।
চেয়ারম্যানের এ আশাবাদ যদি বাস্তবায়িত হয়, তাহলে অনেক বরাদ্দগ্রহীতার ১৩ বছরের প্রতীক্ষার অবসান হতে পারে। ২০০১ সালে পূর্বাচল প্রকল্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে প্রথমবারের মতো প্লটের জন্য আবেদন নেওয়ার কাজ শুরু হয়।
মতবিনিময়ের সময় রাজউক চেয়ারম্যান বলেন, বিশেষ করে রূপগঞ্জ অংশে যেসব সেক্টরে উন্নয়নকাজ প্রায় শেষ হয়েছে এবং প্লটেরও নিবন্ধন হয়েছে, সেসব সেক্টরের বরাদ্দ পাওয়া ব্যক্তিরা বিজ্ঞপ্তির পর নকশা অনুমোদন করতে পারবেন।
সভায় চেয়ারম্যান ও রাজউকের পরিচালক (এস্টেট) সৈয়দ নজরুল ইসলাম জানান, পূর্বাচল প্রকল্প এলাকায় ৩০০ ফুট সড়কপথ প্রায় সম্পূর্ণ। বৈদ্যুতিক খুঁটিও বসানো হয়েছে। ঢাকা ওয়াসা পানি দিতে অপারগতা জানানোয় রাজউক নিজ উদ্যোগে পানি শোধনাগার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্যাসের বিষয়ে দুটি পথ হিসাব করা হচ্ছে, এর একটি হলো প্রতি গ্রাহকের জন্য সিলিন্ডারের ব্যবস্থা করা। অপরটি হলো পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা। পূর্বাচল প্রকল্পের ২০ নম্বর সেক্টরে গ্যাস পাওয়ার কারণে এটাও হয়তো সম্ভব হতে পারে।
সভায় চেয়ারম্যান রাজউকের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সফলতা ও অগ্রগতি তুলে ধরে বলেন, অতীতে উত্তরে ঢাকা শহর সম্প্রসারিত হয়েছে। বর্তমানে দক্ষিণে শহর সম্প্রসারিত হচ্ছে। ঢাকার যানজট নিরসনে রাজধানীর শান্তিনগর থেকে ঝিলমিল প্রকল্পসংলগ্ন ঢাকা-মাওয়া সড়ক পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ ‘উড়ালসড়ক’ তৈরি হবে। শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে।
চেয়ারম্যান বলেন, অল্প জায়গায় বেশি লোকের বাসস্থান নিশ্চিত করতে বহুতল প্লট প্রকল্পের পরিবর্তে ভবন নির্মাণ প্রকল্পই বাস্তবায়িত হবে শুধু। এই লক্ষ্য বাস্তবায়নে কেরানীগঞ্জের ঝিলমিল, পুরান ঢাকার কামরাঙ্গিরচরে ফ্ল্যাট প্রকল্প প্রক্রিয়াধীন। উত্তরায় অ্যাপার্টমেন্ট প্রকল্পের সমস্যার নিরসন হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়া সরকার উত্তরায় ১০ হাজার ফ্ল্যাট নির্মাণে নীতিগতভাবে সম্মত হয়েছে।
ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সম্পর্কে চেয়ারম্যান বলেন, ড্যাপ সংশোধনের জন্য এ পর্যন্ত এক হাজার ২০০ আবেদন জমা হয়েছে। প্রতিটি আবেদন খতিয়ে দেখা হচ্ছে। ড্যাপ সংশোধন কমিটি কাজ করছে।
এ প্রসঙ্গে রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ নজরুল ইসলাম বলেন, ড্যাপের মেয়াদ আগামী বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। ভুল-ত্রুটি সংশোধন করে নতুনভাবে ২০১৬ থেকে ২০৩৫ সাল পর্যন্ত পরবর্তী মেয়াদের ড্যাপ বাস্তবায়নের কাজ চলবে।
রাজউকের দুর্নীতি প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, বিভিন্ন নথি থেকে গুরুত্বপূর্ণ পৃষ্ঠা ছেঁড়া বা গায়েব অনেকটাই বন্ধ হয়েছে। তিনি বলেন, যাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নকশা অনুমোদনের ক্ষেত্রে বদনাম গোছানোর চেষ্টা চলছে।
সভায় আরও বক্তব্য দেন সদস্য (উন্নয়ন) নাঈম আহমেদ খান। উপস্থিত ছিলেন সদস্য (এস্টেট) শামীম ইকবাল, সদস্য (প্রশাসন) ভবেশ চন্দ্র পোদ্দার, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আবদুল হাই প্রমুখ।