পূর্বাচলের দুই মৌজায় পরিবেশগত ছাড়পত্র নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বাচল নতুন শহর প্রকল্পের দুটি মৌজার সপক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র নিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ নির্দেশ দিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা আবেদনটি নিষ্পত্তি করে দেন।
ওই প্রকল্পে রাজউকের দেওয়া পরিকল্পনা অনুসারে সীমিত পরিমাণ বন সংরক্ষণের নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা পরিবর্তন করে ওখানকার বন-উন্মুক্ত স্থান রক্ষার জন্য আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
আদালতে বেলার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, বড়কাউ ও পারাবর্থা মৌজায় ওই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ১ হাজার ৩০০ একর জমির বেশির ভাগ শাল ও অন্যান্য বৃক্ষে আচ্ছাদিত। এর ৬৭৭ একরই পুরো বনভূমি। ২ হাজার প্লট করতে বড় ও মাঝারি মিলিয়ে বনভূমির প্রায় সাড়ে ৭ লাখ গাছ কাটা হচ্ছে—এমন তথ্য রয়েছে। রাজউক পরিবেশগত ছাড়পত্র ছাড়া পূর্বাচল নতুন শহর ওই প্রকল্প বাস্তবায়ন শুরুর বিরুদ্ধে সাত সংগঠন জনস্বার্থে ২০১৩ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করে।