পূর্বাচলের দুটি মৌজার কাজ বন্ধের নির্দেশ

বস্তুনিষ্ঠ পর্যালোচনা না করে এবং পরিবেশ ছাড়পত্র না নিয়ে পূর্বাচল প্রকল্পের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়নের বড়কাউ ও পারাবার্তা মৌজার উন্নয়নকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ওই এলাকার স্বতন্ত্র প্রতিবেশব্যবস্থা, বন, জলাভূমি ও কৃষিজমি রক্ষায় কেন নির্দেশনা দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত।
একই সঙ্গে আদালত পূর্বাচল প্রকল্প এলাকা সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন। স্বাধীন একজন বিশেষজ্ঞকে প্রধান করে এবং রাজউককে সদস্যসচিব করে প্রকল্প এলাকার সার্বিক অবস্থা পর্যালোচনার পর ওই প্রতিবেদনটি দিতে বলা হয়েছে। স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে ওই দুই এলাকাকে কেন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো, তা জানাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি কর্তৃপক্ষগুলোর কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উচ্চ আদালত।
সাতটি সংগঠনের পক্ষ থেকে পূর্বাচল প্রকল্পের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে আজ বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদন করলে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই নির্দেশ দেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুর জেলার ডেপুটি কমিশনার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পূর্বাচল শহর প্রকল্পের পরিচালককে ওই নির্দেশনা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
আবেদনকারী ছয় সংগঠন হচ্ছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেক্ট এবং এএলআরডি। সংগঠনগুলোর পক্ষে আইনজীবী ছিলেন এ এফ হাসান আরিফ।