পূর্বাঞ্চলীয় বাঁধের খরচ পাঁচ গুণ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বাঞ্চলীয় এলাকা নন্দীপাড়ায় পানি। বাঁশের নতুন সাঁকো তৈরি করে জলাভূমি পারাপার হন এলাকাবাসী। গতকাল সকালে ছবিটি তুলেছেন সাবিনা ইয়াসমিন
পূর্বাঞ্চলীয় এলাকা নন্দীপাড়ায় পানি। বাঁশের নতুন সাঁকো তৈরি করে জলাভূমি পারাপার হন এলাকাবাসী। গতকাল সকালে ছবিটি তুলেছেন সাবিনা ইয়াসমিন

সময়মতো না হওয়ায় রাজধানীর প্রস্তাবিত ‘পূর্বাঞ্চলীয় বাঁধ’-এর নির্মাণ খরচ প্রায় পাঁচ গুণ বেড়েছে। ডেমরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এই ৩০ কিলোমিটার বাঁধের জন্য ৯ বছর আগে ২০০৭ সালে খরচ হিসাব করা হয়েছিল ২ হাজার ৪৭৫ কোটি টাকা। সবশেষ হিসাবে খরচ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার ২৭৭ কোটি টাকা। বেশি লাগবে ৮ হাজার ৮০২ কোটি টাকা।
রাজধানীর পূর্বাঞ্চলের বাসিন্দারা দেড় যুগ ধরে অপেক্ষা করছেন এই বন্যানিয়ন্ত্রণ বাঁধের জন্য। পূর্বাঞ্চলে রয়েছে ত্রিমোহনী, দাশেরকান্দি, ফকিরখালী, বেরাইদ, ডেমরা, কায়েতপাড়া, আমুলিয়া, পাইটি, নন্দীপাড়া, মাদারটেক, ভূঁইয়াপাড়া, সিপাহীবাগ, মেরাদিয়াসহ বিভিন্ন এলাকা। যে বছর ব্রহ্মপুত্র অববাহিকায় প্রবল বন্যা হয়, সে বছর পূর্বাঞ্চলীয় এলাকার প্রায় ৪০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বন্যা আর জলাবদ্ধতার কবলে পড়েন। এত বছরে বাঁধ তো হয়ইনি, এলাকাবাসীকে রক্ষার জন্য স্বল্পমেয়াদি কোনো পরিকল্পনাও নেওয়া হয়নি। শুরুতে সমীক্ষাকাজে খরচ হয়েছে ২৫ কোটি টাকা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের বন্যায় ঢাকার পূর্বাঞ্চল তলিয়ে গেলে এখানে বাঁধ নির্মাণের বিষয়টি সামনে আসে। এরপর থেকে সব সরকারই এ বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেয়। ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় স্টিয়ারিং কমিটিসহ এ কাজের জন্য তিনটি কমিটি গঠন করেছিল। ওই বছরই প্রথম সমীক্ষাকাজ হয়েছিল। তাতে ১৯৯৯ সালে এই বাঁধ প্রকল্পের কাজ শুরু করে ২০০৪ সালে, অর্থাৎ গত বছর শেষ করার কথা ছিল। ২০০০ সালে সেনাবাহিনীর সাহায্যে টঙ্গী এলাকায় বালু নদীর মাটি বাঁধের কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সে মাটি বাঁধের কাজে উপযুক্ত বিবেচিত না হওয়ায় উদ্যোগটি ব্যর্থ হয়।
এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, ২০০৩ সালের দিকে বিএনপি জোট সরকারের আমলে এই বাঁধের জন্য পাঁচ কিলোমিটার এলাকায় প্রায় এক হাজার হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। নির্মাণের অগ্রগতি না থাকায় কিছু জায়গা দখল হয়ে যায়। নতুন করে হিসাব করার পর ২০০৭ সালে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ কয়েকটি দাতা সংস্থা ২ হাজার ৪৭৫ কোটি টাকা অর্থ জোগাতে সম্মতও হয়েছিল। কিন্তু প্রকল্প এলাকার পরিবেশ ও অধিগ্রহণ করা জায়গার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বিস্তারিত সমীক্ষা না হওয়ায় বিভিন্ন সময়ে দাতা সংস্থাগুলো পিছিয়ে যায়। পাউবোর দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, বর্তমানেও এ প্রকল্পে টাকা দিতে তাদের আগ্রহ কম। যার জন্য অর্থের নিশ্চিত সংস্থান এখন পর্যন্ত নেই। দুই বছর আগে ২০১৪ সালে বিস্তারিত সমীক্ষার পর এই বাঁধের প্রকল্প প্রস্তাব অর্থনৈতিক সম্পদ বিভাগে (ইআরডি) পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। পাউবো ইআরডির মাধ্যমে দাতা সংস্থা পাওয়ারও চেষ্টা করছে। তাঁরা বলেন, যখন বন্যায় ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকা ডুবে যায়, তখন বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারপর বিষয়টি চাপা পড়ে যায়।
এ বিষয়ে পাউবোর ঢাকা কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, বাঁধ ও পানিনিষ্কাশন পাইপ লাইনসহ পুরো প্রকল্প কাজের খরচ হিসাব করে ২০১৪ সালে ১১ হাজার ২৭৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। চীনা একটি কোম্পানি কিছু সমীক্ষাকাজ করেছে। বিশ্বব্যাংক থেকে মাঝেমধ্যে বিশেষজ্ঞ দল আসছে, এলাকা পরিদর্শন করছে। আলোচনা করছে, চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না। সিদ্ধান্তে এলে দাতা সংস্থা পুরো অর্থের জোগান দেবে, নাকি একটি অংশ দেবে, তা নিয়ে আলোচনা আসা যেত। তা ছাড়া দুই বছরে খরচ আরও কত বেড়ে যেতে পারে, নতুন করে সমীক্ষা করে তা-ও দেখা যেত।
এলাকাবাসীর কথা: এলাকায় গিয়ে বাঁধের বিষয়ে বাসিন্দাদের আগ্রহ, পাশাপাশি হতাশা দেখা যায়। মাছ ব্যবসায়ী আবদুর রবের তিন কাঠা জমি ত্রিমোহনী এলাকায়। তিনি বলেন, নিজের কিছু টাকা ছাড়াও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে অনেক আশা নিয়ে এখানে জায়গা কিনেছিলেন। কিন্তু ঢাকার কোথাও জলাবদ্ধতা সৃষ্টি না হলেও তাঁদের এলাকায় হয়। বাঁধের কথা শুনছেন দেড় যুগ ধরে। চোখে দেখতে পাচ্ছেন না। হয়তো বেঁচে থাকতে দেখতে পারবেন না।
নন্দীপাড়ায়ও জলাবদ্ধতা হয় প্রতিবছরই। পেট্রোবাংলার চাকরি থেকে অবসরে যাওয়া কর্মকর্তা আবদুস সবুর নন্দীপাড়ায় ফ্ল্যাট কিনলেও বর্ষাকালের যন্ত্রণা এড়াতে ভাড়া দিয়েছেন। এখন নিজেই ভাড়া থাকেন আরামবাগে।
বেরাইদ, সাঁতারকুল এলাকার কয়েকজন বাসিন্দার বক্তব্য প্রায় একই। স্থানীয় ও জাতীয় নির্বাচনের আগে নেতারা বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন, পরে ভুলে যান।
ডেমরার পাইটির বাসিন্দা ইলেকট্রনিক সামগ্রী ব্যবসায়ী জাহেদুল হক জানান, ২০০৭ সালে এক মাসের বেশি সময় ধরে তাঁরা মাচার ওপর বসবাস, রান্নাবান্নাসহ সব কাজই করেছেন। এরপর প্রাকৃতিক কারণে হয়তো দীর্ঘ জলাবদ্ধতার শিক্ষার হতে হয়নি। তবে নিচু এলাকা প্রতিবছরই তলিয়ে যাচ্ছে।